টেস্ট র্যাংকিংয়ে আটে উঠার সুযোগ বাংলাদেশের
খেলাধুলা ডেস্ক:
গেল দুই বছরে ওয়ানডেতে উন্নতি করলেও টেস্ট ক্রিকেটে অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান সাত; যেখান টেস্টে রয়েছে নবম স্থানে। তবে এবার প্রথমবারের মত টেস্ট র্যাংকিংয়ে আটে উঠার সুযোগ মুশফিকবাহিনীর সামনে।
বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ জিততে পারলেই বাংলাদেশ উঠে আসবে টেস্ট র্যাংকিংয়ের অষ্টম অবস্থানে। তবে একই সাথে ওয়েস্ট ইন্ডিজকেও পাকিস্তানের কাছে সিরিজ হারতে হবে।
চার নম্বরে থাকা ইংল্যান্ডের (১০৮) চেয়ে বাংলাদেশ (৫৭ পয়েন্ট) পিছিয়ে আছে ৫১ পয়েন্টে। বাংলাদেশ যদি ১-০তেও সিরিজ জেতে, তাহলে পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭২, আর ইংলিশদের হোয়াইটওয়াশ করলে হবে ৭৫
একই সঙ্গে মুশফিক-সাকিব-তামিমদের ঠিক উপরে ৬৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ যদি পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে না পারে, তাহলেই তাদের টপকে বাংলাদেশ দখল করতে পারে অষ্টম স্থানটি।
এদিকে, ইংলিশরা যদি স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জিতে সেক্ষেত্রে ১০৮ পয়েন্ট নিয়ে থাকবে চতুর্থ স্থানেই। কিন্তু যদি বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে তাহলে ১০৯ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে সরিয়ে বসবে তৃতীয় স্থানে।
মুদ্রার উল্টো পিঠও দেখতে হতে পারে ইংল্যান্ডকে! র্যাংকিংয়ের নিচের দিকে থাকা বাংলাদেশের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ হারলে তাদের পয়েন্ট কমে হবে ১০৩, আর হোয়াইটওয়াশ হলে কমে দাঁড়াবে তা ১০২।

