দুর্দান্ত বাংলাদেশ, ঐতিহাসিক জয়
ক্রীড়া প্রতিবেদক:
জিম্বাবুয়ে আর খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ। এই দু’দল বাদে আর কোনো দলের বিপক্ষেই এতদিন বাংলাদেশের টেস্ট জয়ের রেকর্ড ছিল না। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে রোববার পূরণ হল সেই অধরা স্বপ্ন।
মাত্র তিন দিনের মধ্যেই ইংল্যান্ডকে হারিয়ে দিল বাংলাদেশ। জয়ের ব্যবধানটা ১০৮ রানের। বাংলাদেশের ২৭৩ রানের লক্ষ্য ঠিক করে দেওয়ার পর ১৬৪ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে ১-১ সমতায় থেকেই শেষ হল দুই ম্যাচের টেস্ট সিরিজ।
বাংলাদেশ ক্রিকেট দলের টেস্টে এটা অষ্টম জয়। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। তবে, বড় কোন শক্তির বিপক্ষে এটাই মুশফিক-সাকিবদের প্রথম জয়।
তবে জয়ের রাস্তাটা সহজ ছিল না। ইংল্যান্ডকে ২৭৩ রানের বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়ার পরও না। দুই ওপেনার অ্যালিস্টার কুক ও বেন ডাকেটের উদ্বোধনী জুটিতেই আসে ১০০ রান।
সেখান থেকেই ম্যাচটা শুরু হয় বাংলাদেশের। দুই স্পিনার, দেশের স্পিন বোলিং অ্যাটাকের দুই রত্ন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান মিলে শেষ করে দেন ইংল্যান্ডকে। ১০ টা উইকেটের পতন হয় মাত্র ৬৪ রানে।
আবারও প্রমান হলো নিজেদের দিনে ভয়ঙ্কর হয়ে উঠলে কি না করতে পারে এই বাংলাদেশ!

