আফ্রিদি নয়, রংপুরের অধিনায়ক থাকছে নাঈম
খেলাধুলা ডেস্ক:
প্রথমে শোনা যাচ্ছিলো, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিবেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তবে এবার জানা গেল আফ্রিদি নয়, রংপুরের নেতৃত্বে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ নাঈম ইসলাম।
মূলত দেশি ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতেই নাঈম ইসলামকে অধিনায়ক করা হয়েছে বলে জানান দলটির মিডিয়া ম্যানেজার এম এ বাকি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের চেয়ারম্যান ড. কাজি এরতেজা দেশি ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতেই নাঈম ইসলামকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছেন।’
প্রসঙ্গ ক্রমে নাঈমের বাড়ি রংপুরেই। বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত এই মুখ জাতীয় দলের হয়ে খেলেছেন সর্বশেষ ২০১৪ সালে। এরপর হঠাৎ করেই ছিটকে পড়েন দল থেকে। যদিও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। এবার ডানহাতি এই অলরাউন্ডারের কাঁধে গেল আসরে সেমিফাইনালে খেলা রংপুর রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্ব।
শুক্রবার পর্দা উঠেছে বিপিএলের চতুর্থ আসরের। উদ্বোধনী দিনে সন্ধ্যায় খুলনা টাইটান্সের মুখোমুখি হওয়ার কথা ছিল রংপুর রাইডার্সের। কিন্তু বৈরি আবহাওয়া ও বৃষ্টির বাগড়ায় উদ্বোধনী দিনের দুটি খেলাই পরিত্যক্ত হয়।
এক নজরে রংপুর রাইডার্স দল:
দেশি ক্রিকেটার: সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিথুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, মোহাম্মদ ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহরাব হোসেন জোসি, শাহবাজ চৌহান।
বিদেশি ক্রিকেটার: শহীদ আফ্রিদি (পাকিস্তান), শারজিল খান (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান) দাসুন শানাকা (শ্রীলংকা) মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান), গিড্রন ডারমেইন পোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিচার্ড জেমস গ্লেসন (ইংল্যান্ড), নাসির জামশেদ (পাকিস্তান), সচিত্র সেনানায়েকে (শ্রীলঙ্কা), জিয়ান রুপাসিঙ্গে (শ্রীলঙ্কা) ও লিয়াম ডসন (ইংল্যান্ড)।
কোচ: জাভেদ ওমর বেলিম।

