টাইগারদের সাফল্যে বিসিবির ‘মেজবান
খেলাধুলা ডেস্ক:
২০১৪ সালের শেষ দিকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মধ্য দিয়ে ক্রিকেটের দিগন্ত রেখা আঁকা শুরু করে বাংলাদেশ। এরপর ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলে মাশরাফিবাহিনী। পরবর্তীতে দেশের মাটিতে একে একে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও সর্বশেষ আফগানিস্তানসহ টানা ছয়টি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।
এছাড়া সাদা পোশাকেও মুশফিকুর রহিমের হাত ধরে সাফল্য পায় বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ড্র করে মুশফিকবাহিনী। সদ্যই শেষ ইংল্যান্ড সিরিজে প্রথমবারের মত ইংলিশদের হারায় বাংলাদেশ। সেই সঙ্গে সিরিজও ড্র করে মুশফিক-মিরাজ-সাকিবরা।
গেল তিন বছর ধরে বাংলাদেশ ক্রিকেট দলের এমন অর্জন ও সাফল্য স্মরণীয় করে রাখতেই সোমবার দুপুরে শেরে বাংলায় এক প্রীতি ভোজ ‘মেজবান’ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই মেজবান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট সংশ্লিষ্ট সকল ক্লাব, সংগঠক, জেলা ও ক্রীড়া সংস্থা, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ দলের ক্রিকেট অগ্রগতির ধারা নিয়ে বক্তব্য দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘গত কয়েক বছরে বাংলাদেশ দলের যত সাফল্য তার মূল কারিগরই ছিলেন আমাদের ক্রিকেটাররা। আমাদের সবার পক্ষ থেকে আমি তাদের শুভেচ্ছা জানাই। আশা করি তারা আমাদের জন্য আরও অনেক সাফল্য বয়ে আনবে।’
এদিন পুরো আয়োজনটি তদারকির করেন শেরেবাংলার ভেন্যু ম্যানেজার আব্দুল বাতেন। তার সঙ্গে বিসিবি প্রধানের বিশেষ সহকারী তৌহিদও ছিলেন ব্যবস্থাপনায়। সাধারণত মেজবানে যেমন মেন্যু থাকে এখানেও তা-ই ছিল। পোলাও-বিরিয়ানি নয়, সাদা ভাত। সঙ্গে গরুর কালো ভুনা। এছাড়া মুরগির রোস্ট এবং দই।

