বিপিএল: মুস্তাফিজকে নিয়ে খুলনা টাইটান্স-ঢাকা ডায়নামাইটসের কাড়াকাড়ি!
খেলাধুলা ডেস্ক:
কাঁধের অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নেই মুস্তাফিজুর রহমান। তবুও মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলসের ম্যাচে ঢাকা ডায়নামাইটসের জার্সি গায়ে উপস্থিত হয়েছিলেন বাঁ-হাতি এই তরুণ পেসার।
তবে কি ছন্দ ফিরে পেলে ঢাকার হয়ে মাঠে নামবেন মুস্তাফিজ? না, ব্যাপারটা এমন না। ঢাকা ডায়নামাইটসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই মাঠে দেখা গিয়েছিলো তাকে। তবে মুস্তাফিজের এই তারকা খ্যাতিকে কাজে লাগাতে মাঠের বাইরে ঢাকাকে লড়তে হয়েছে খুলনা টাইটান্সের সঙ্গে।
ঢাকা ডায়নামাইটসের মালিক সায়ান এফ রহমান ও বরিশাল বুলসের মালিক এমএ আওয়াল চৌধুরীর সঙ্গে ম্যাচ উপভোগ করছেন মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত।
তবে এই কাড়াকাড়িতে জয় হয়েছে ঢাকা ডায়নামাইটসেরই। বিপিএলের এবারের আসর জুড়ে মাঝে-মধ্যেই ঢাকা ডায়নামাইটসের জার্সি গায়ে মাঠে দেখা যাবে মুস্তাফিজকে।
এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, মুস্তাফিজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে সবার আগে চিঠি দেয় ঢাকা। এরপর খুলনাও তাকে অ্যাম্বাসেডর বানাতে চেয়ে চিঠি দেয়। কিন্তু আগে ঢাকা ডায়নামাইটস চিঠি দেওয়ায় বিপিএল গভর্নিং কাউন্সিল ঢাকা ডায়নামাইটসকেই অনুমতি দেয়।
ইনজুরির কারণে বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফতেও ছিলেন বাঁ-হাতি এই তরুন পেসার। ড্রাফটে থাকলে হয়তো তাকে দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোরও মোটা অঙ্কের টাকা গুনতে হতো। তবে, না খেললেও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও তার আয়ের পথ করে দিয়েছে ঢাকা ডায়নামাইটস।
গেল আসরে ঢাকার হয়ে ১০ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। কিন্তু ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়া, নতুন করে কাঁধের ইনজুরি এবং সর্বোপরি অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়ার কারণে খেলা থেকে দূরে আছেন মুস্তাফিজ। শতভাগ ফিট হতে আরো অপেক্ষা করতে হবে জাতীয় দলের অন্যতম এই অস্ত্রকে।

