সতীর্থদের নিয়ে মিডিয়া বয়কট করলেন মেসি

খেলাধুলা ডেস্ক:
ব্রাজিলের সাথে হেরে বিশ্বকাপ মিশনে ব্যাকফুটেই চলে গিয়েছিল আর্জেন্টিনা ফুটবল দল। বুধবার কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে তাই জয় ছাড়া আর বিকল্প ছিল না আকাশি-নীল জার্সিদের। লিওনেল মেসির নৈপুণ্যে কলম্বিয়াকে ৩-০ তে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট পাওয়ার আশা আরও উজ্জ্বল করলো আর্জেন্টিনা।

তবে এমন স্বস্তিদায়ক জয়ের পরও গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি আর্জেন্টিনার প্রাণ ভোমরা মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড এজিকুয়েল লাভেজ্জিকে নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় মেসির নেতৃত্বে মিডিয়া বয়কটের ঘোষণা দেয় আর্জেন্টিনা দল। এ সময় এক লিখিত বক্তৃতায় মেসি বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই বয়কট চলবে।
কলম্বিয়ার বিপক্ষে ৩০ সদস্যের দলে ছিলেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড লাভেজ্জি। সম্প্রতি একটি রেডিও স্টেশনে এজেকুয়েল লাভেজ্জিকে নিয়ে একটি সংবাদ পরিবেশিত হয়। যাতে অভিযোগ করা হয়, লাভেজ্জি অনুশীলনের পর মারিজুয়ানা নিয়ে থাকেন। আর এই কারণেই নাকি আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা পাননি লাভেজ্জি।

কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর ২৩ সদস্যের দলের সবাইকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন মেসি। সেখানে তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি গনমাধ্যমের সামনে কথা বলব না। আমি নিশ্চিত এর কারণ আপনারা জানেন। এখানে আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের অপমান করা হয়েছে। লাভেজ্জির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা গুরুতর।’

বার্সেলোনা এই তারকা ফরোয়ার্ড আরও বলেন, ‘আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ করা হয়েছে। কোনো শ্রদ্ধা দেখানো হয়নি আর আমরা কখনোই কিছু বলিনি। কিন্তু লাভেস্সির বিপক্ষে এই অভিযোগ করা হয়েছে। আমরা যদি এটা আজ না থামাই, আমরা কখনোই এটা থামাতে পারব না। আমরা জানি, আপনারা আমাদের সমালোচনা করে যাবেন, ঠিক আছে করতে থাকুন।’

তথ্য সূত্র: দ্যা গার্ডিয়ান

  •  
  •  
  •  
  •