এক ম্যাচ নিষিদ্ধ হলেন মিসবাহ
ক্রিড়া প্রতিবেদক:
নিউজিল্যান্ড সফরের শুরুটা হয়েছে পাকিস্তানের হার দিয়ে। ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে সফরকারীরা হেরেছে ৮ উইকেটে। ওই হারের পর আবার নতুন ধাক্কা খেল তারা অধিনায়ক মিসবাহ-উল-হককে হারিয়ে। স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মিসবাহ। তাই হ্যামিল্টনের দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না তার।
অবশ্য দ্বিতীয় টেস্ট এমনিতেই খেলা হতো না মিসবাহর। শশুরের মৃত্যুর কারণে রবিবার সন্ধ্যায় তিনি ফিরে গেছেন দেশে। আজ (সোমবার) আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে এলো তার নিষেধাজ্ঞার খবর।
ক্রাইস্টচার্চ টেস্টে নির্ধারিত লক্ষ্যের চেয়ে দুই ওভার কম বোলিং করেছিল পাকিস্তান। ফিল্ডিংয়ে দেরীর করার শাস্তি হিসেবে তাই অধিনায়ক হিসেবে মিসবাহকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। সঙ্গে তার ম্যাচ ফি’র ৪০ শতাংশের পাশাপাশি ২০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে দলের বাকি খেলোয়াড়দের। এর আগেও মিসবাহ নোটিশ পেয়েছিলেন স্লো ওভার রেটের। গত আগষ্টে ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টের পর ১২ মাসের মধ্যে নিউজিল্যান্ড সফরে আবার একইভাবে ফিল্ডিংয়ে দেরী করেছেন তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী ১২ মাস সময়ের ব্যবধানে যদিও কোনও দল দুইবার স্লো ওভার রেটের নোটিশ পায়, তাহলে সেই দলের অধিনায়ক তাৎক্ষণিকভাবে পরের ম্যাচে নিষিদ্ধ হবেন। সেই ‘ভুলের’ই শাস্তি পেলেন মিসবাহ।
২০১০ সালে পাকিস্তানের অধিনায়ক হওয়ার পর একটি মাত্র ম্যাচ খেলতে পারেননি মিসবাহ। ২০১২ সালে গল টেস্টে খেলতে না পারার কারণও ছিল স্লো ওভার রেটে নিষেধাজ্ঞা।
সূত্র: ক্রিকইনফো

