এশিয়া কাপ খেলতে বৃহস্পতিবার ঢাকা ছাড়বে নারী ক্রিকেট দল

ক্রিড়া প্রতিবেদক:
আগামী শনিবার থাইল্যান্ডে পর্দা উঠছে নারীদের এশিয়া কাপের এবারের আসরের। টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা ছাড়ছে বাংলাদেশ নারী দল।

এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন রুমানা আহমেদ। বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করা বাকি দলগুলো হলো- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক থাইল্যান্ড। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

২৮ নভেম্বর স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। পর দিন বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। ৩০ নভেম্বর পাকিস্তান ও ৩ ডিসেম্বর নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে রুমানা আহমেদের দল। ৪ ডিসেম্বর অনুষ্ঠিত ‍হবে টুর্নামেন্টটির ফাইনাল।

এশিয়া কাপে খেলার জন্য গত একমাস ইংলিশ কোচ ডেভিড ক্যাপেলের অধীনে অনুশীলন করেছে রুমানা আহমেদ ও তার দল। নতুন এই ইংলিশ কোচ জানান, দলের প্রস্তুতি ভালো এবং এশিয়া কাপে সবগুলো দলের বিপক্ষেই বাংলাদেশ ভালো খেলবে বলে তার বিশ্বাস।

তিনি বলেন, ‘আমার মতে, ভারত খুবই শক্তিশালী দল। পাকিস্তানও খুব ভালো দল। তবে আমাদের প্রস্তুতি ভালো। আগের সময়ে ব্যাটিং ব্যর্থতা, এটা অবশ্যই চ্যালেঞ্জ। এ জন্য আমরা অনুশীলনে সচেতনভাবেই ব্যাটিং নিয়ে বেশি কাজ করেছি। ব্যাটসম্যানদের স্বাধীনতা দিচ্ছি, আশা করি তারা ফেয়ারলেস ক্রিকেট খেলবে। লুকিং টু ইমপ্রুভ বিগ ওয়ে। সবগুলো দেশের বিপক্ষে তারা ভালো ক্রিকেট খেলবে।’

এ দিকে প্রথমবারের মতো বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন দেশের পক্ষে একমাত্র নারী হ্যাটট্রিকধারী রুমানা। নতুন এই অধিনায়ক দল নিয়ে আত্মবিশ্বাসী। ‘আমি খুব আনন্দিত প্রথমবার বাংলাদেশ দলের অধিনায়ক হতে পেরে। বড় একটা ইভেন্ট এশিয়া কাপের জন্য যাচ্ছি। আমি চিন্তিত না আমি আমার টিম নিয়ে আত্মবিশ্বাসী। এবার অনুশীলন খুব ভালো হয়েছে। আশা করি ভালো কিছু করতে পারবো’, বলেন রুমানা।

উদ্বোধনী ম্যাচেই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অধিনায়ক রুমানা আশা করছেন, ইন্ডিয়ার সঙ্গে ভালো করতে। সেক্ষেত্রে দল ফাইনাল পর্যন্ত যেতে পারবে বলে আশা করেন তিনি, ‘মূল লক্ষ্য ইন্ডিয়াকে ধরা। আমরা যদি ইন্ডিয়ার সঙ্গে ভালো করতে পারি। ইনশাআল্লাহ ফাইনাল পর্যন্ত যেতে পারবো। মিরাকেল কিছু ঘটতে পারে। আমাদের টিম ঘুরে দাঁড়াতে পারে। ওখানে দুর্বল টিম নাই, সবটিমই স্ট্রং এবং আমি নিজেদেরও খুব স্ট্রং ভাবছি।’

  •  
  •  
  •  
  •  

Tags: