তৃতীয় টেস্টেই ‘ট্রিপল সেঞ্চুরি’ করলেন করুন নায়ার
স্পোর্টস ডেস্ক:
অভিষেক সেঞ্চুরিকে ট্রিপল সেঞ্চুরি বানালেন নায়ারটেস্ট ক্যারিয়ার কেবল শুরু, অথচ সেটায় কতই না রঙ ছড়ালেন করুন নায়ার! মাত্র তৃতীয় টেস্টেই অভিষেক সেঞ্চুরি করলেন ভারতের এ তরুণ ব্যাটসম্যান। থেমে গেলেন না সেখানেই। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টের চতুর্থ দিন পাওয়া সেঞ্চুরিকে আরও লম্বা করে রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে, এরপর ট্রিপল সেঞ্চুরি। গড়ে ফেললেন রেকর্ড। সময় যত গড়িয়েছে ততই আগ্রাসী হয়েছেন তিনি।
২৫ বছর বয়সী নায়ার সোমবার ৭১ রানে খেলতে নেমে সকালের সেশনেই তিন অঙ্কের ঘরে পৌঁছান। ১৮৫ বলে ৮ চার ও ১ ছয়ে সেঞ্চুরি করেন তিনি। এরপর ব্যাট চালিয়ে গেছেন আরও অনায়াসে। চা বিরতির কিছুক্ষণ পর আরও ১২১ বল খেলে পেয়ে যান পরের শতক। ৩০৬ বলে ২৩ চার ও ১ ছয়ে ২০০ করেন নায়ার। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ১৮১ রানের জুটি গড়ে ভারতকে ৬০০’র উপর রান এনে দেন তিনি। পরে রবিন্দ্র জাদেজাকে নিয়ে ১৩৮ রানের জুটি গড়ে টেস্টে ভারতকে সর্বোচ্চ সংগ্রহে পৌঁছে দেন নায়ার। স্বাচ্ছন্দ্যে ২২ গজে খেলতে থাকা এ ব্যাটসম্যান প্রতি সেশনে নিজেকে ছাড়িয়ে গেছেন। মাত্র ৩৮১ বলে করেছেন ট্রিপল সেঞ্চুরি। আদিল রশিদকে ৩২তম বাউন্ডারি মেরে গড়েন অনন্য এ রেকর্ড। প্রথম ভারতীয় ও টেস্ট ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেক সেঞ্চুরিটাকে ট্রিপল সেঞ্চুরি বানালেন নায়ার। টেস্ট ক্রিকেটে এই কীর্তির অধিকারী এতদিন ছিলেন মাত্র দুইজন- ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স (৩৬৫*) ও অস্ট্রেলিয়ার ববি সিম্পসন (৩১১)।
এর আগে ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরিকে সর্বোচ্চ রানে নেওয়ার ভারতীয় রেকর্ড গড়েন নায়ার। এতদিন পর্যন্ত যে রেকর্ডটা ছিল বিনোদ কাম্বলির। ১৯৯২-৯৩ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সেঞ্চুরিকে ২২৪ রানে পরিণত করেছিলেন কাম্বলি। তাকে এবার নায়ারের পেছনে পড়তে হলো।
চেন্নাইয়ে রেকর্ডময় ম্যাচ। অথচ চলমান সিরিজের তৃতীয় টেস্টে অনুজ্জ্বল অভিষেক হয় নায়ারের। মাত্র ৪ রানে রান আউট হতে হয় তাকে। চতুর্থ টেস্টও ভালো যায়নি। মঈন আলির কাছে এলবিডব্লিউ হওয়ার আগে ১৩ রান আসে তার ব্যাটে। ওই দুই ব্যর্থতা এবার তৃতীয় ম্যাচেই ঢেকে দিলেন এ ডানহাতি ব্যাটসম্যান।
সূত্র– ক্রিকইনফো

