ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে যুবরাজ
স্পোর্টস ডেস্ক:
নিজে এক সময় যুদ্ধ করেছেন এই ক্যান্সারের বিরুদ্ধে। তাই নিজেও ক্যান্সার আক্রান্তদের কষ্টটা বোঝেন যুবরাজ সিং। তাই তো ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে পাওয়া গেল তাকে।
ভারতের এই অলরাউন্ডার ক্যান্সারকে পরাজিত করে আবারও ফিরেছেন ক্রিকেট মাঠে। তাই সুস্থ জীবনের আনন্দ ভাগ করে নিতে আর লড়াইয়ে শিশুদের উদ্বুদ্ধ করতে মুম্বাইয়ে অবস্থিত সেন্ট জুড ইন্ডিয়া চাইল্ডকেয়ার সেন্টারে ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে দেখা করলেন যুবরাজ।
অনেকটা সময় এসব শিশুদের সঙ্গে আড্ডা দেন; গল্প করেন। ক্যান্সার আক্রান্ত প্রায় ৩০ জন শিশুর অনেকটা বাচ্চাই হয়ে যান এই অলরাউন্ডার। নিজস্ব ফ্যাশন কোম্পানি যুবীকনের পক্ষ থেকে সবাইকে উপহারও দেন।
শিশুদের সঙ্গে আড্ডার ফাঁকে যুবরাজ বলেন, ‘আমার জীবনের প্রথম লক্ষ্য ক্যান্সার আক্রান্ত রোগীদের সাহায্য করা। এই শিশুরা আজ আমার মন কেড়ে নিয়েছে।’
ক্যান্সার আক্রান্ত শিশুদের নিয়ে যুবরাজ বলেন, ‘এখানে এসে শেখা যায়, জীবনে কখনো হেরে যাওয়া উচিৎ নয়। ভালোবাসা ও হাসি দিয়ে সব কিছু জয় করা যায়। আমাকে সময় দেওয়ার জন্য তাদের শন্যবাদ, দোয়া করি যেন তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।’
প্রসঙ্গত ২০১১ সালের বিশ্বকাপের পরপরই যুবরাজ ক্যান্সারে আক্রান্ত হয়ে ছিলেন। এরপরে চিকিৎসার পরে সুস্থ হয়ে আবারও ক্রিকেট মাঠে ফিরেছেন।
সূত্র: এনডিটিভি

