কোহলির অনুপ্রেরণা ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক:
প্রত্যেক সফল মানুষের জীবনেই কেউ না কেউ অনুপ্রেরণা হয়ে থাকে। যার কারণে নতুন কিছু করার উদ্দীপনা আসে। ব্যতিক্রম নন ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলিও। মজার ব্যাপার হলো, কোনো ক্রিকেটারকে নয় তিনি অনুপ্রেরণা মানেন পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

ক্রিশ্চিয়ানোর সঙ্গে কোহলির মিলটাও খুঁজলে পাওয়া যাবে সহজেই। দুজনেই অনেক আগ্রাসী, সমালোচনার ক্ষেত্রেও অনেকটা একরকম। এবং দুজনেই নিজ নিজ জায়গায় সেরাটা দিয়ে যাচ্ছেন। তবে সিআরসেভেনকে অনুপ্রেরণা মানার কারণ হিসেবে কোহলি জানিয়েছেন, রোনালদোর কঠোর পরিশ্রমের কথা।

তিনি বলেন, ‘আমি শুনেছি সে পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী ফুটবলার। এ কারণেই তিনি এই জায়গায় আসতে পেরেছেন। মেসি প্রতিভাবান কিন্তু রোনালদো পরিশ্রম করেছে বলেই এভাবে ছুটতে পারছে।’

ভারতের সফল টেস্ট অধিনায়কের পাশাপাশি ব্যক্তিগত রানটাও এগিয়ে নিচ্ছেন কোহলি। ২০১৬ মৌসুমে তিন ফরম্যাট মিলিয়ে তুলেছেন ২৫০০’র বেশি রান। যার মধ্যে ১২১৫ রান ছিল সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে। জায়গা করে নিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা দলে।

নিজের সাফল্য প্রসঙ্গে শচিন-সৌরভদের যোগ্য উত্তরসূরি বলেছেন, ‘আমার সামর্থ্য নিয়ে আমি খুশি থাকি। যদিও আমার কিছু অপূর্ণতা আছে। আমি আমার ভুলগুলো ধরতে পারি এবং সেগুলোকে সমাধান করার মতো সামর্থ্য রাখি’।

সূত্র: ডেকান ক্রনিক্যাল

  •  
  •  
  •  
  •  

Tags: