হার দিয়ে নতুন বছর শুরু করলো বাংলাদেশ টিম

স্পোর্টস ডেস্ক:
গেল বছরের শেষটা মোটেও ভালো যায়নি বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যন্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে ২০১৬ সাল শেষ করেছে মাশরাফিবাহিনী। নতুন বছরের শুরুটাও ভালো হলো না। এখানেও সেই হার। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ছয় উইকেটে হেরে গেছে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের মতো এই ম্যাচেও বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা দেখা গেছে। মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া কোনো ব্যাটসম্যানই আস্থার প্রতিদান পারেননি। নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দিক হারানো বাংলাদেশ আট উইকেটে ১৪১ রান তোলে। জবাবে চার উইকেট হারিয়েই জয় তুলে নেয় ব্ল্যাকক্যাপরা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও ভালো শুরু করুতে পারেনি। ২২ রানে ওপেনার নেইল ব্রুমকে হারানো স্বাগতিকরা ৪৬ রানের মধ্যে আরও দুই উইকেট হারায়। দলীয় ৬২ রানের মাথায় টম ব্রুসও ফিরে যান।

তবে এক পাশে চলতে থাকে অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটিং শো। কোনো বাংলাদেশি বোলারই তার পথে বাধার দেয়াল তুলতে পারেননি। দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ৭৩ রানের দারুণ এক ইনিংস খেলা ডানহাতি এই কিউই ব্যাটসম্যান। ম্যাচসেরা উইলিয়ামসনের ৭৩ রানের ইনিংসে পাঁচটি চার দুটি ছয়ের মার ছিল। এ ছাড়া কলিন ডি গ্র্যান্ডহোম অপরাজিত ৪১ রান করেন। বাংলাদেশের সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন একটি করে উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই উল্টো পথে হেঁটেছে বাংলাদেশ। দলীয় পাঁচ রানেই ইমরুল কায়েস ফিরে যান। তামিম ইকবাল ও সাব্বির রহমান আশা জাগিয়েছিলেন। কিন্তু এই জুটিও দীর্ঘ হয়নি। ১১ রান করে ফেরেন তামিম। দুই রান পর সাব্বির রহমানও ফেরেন সাজঘরে।

টিকতে পারেননি দীর্ঘদিন ধরে বাজে ফর্মে থাকা সৌম্য সরকারও। ৩০ রানেই চার উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর মাহমুদুল্লাহ রিয়াদের সাথে দলের প্রাণভোমড়া সাকিব আল হাসানের কিছুটা প্রতিরোধ। সেটাও স্থায়ী হয়নি। ১৪ রান করে বিদায় নেন সাকিব। এরপর বাকিটা সময় একাই লড়েছেন মাহমুদুল্লাহ। ৪৭ বলে তিন চার ও তিন ছয়ে ৫২ রান করেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে আসে ২০ রান। নিউজিল্যান্ডের লকি ফার্গুসন তিনটি ও বেন হুইলার দুটি উইকেট নেন।

  •  
  •  
  •  
  •  

Tags: