চলচ্চিত্র বানাচ্ছেন রমিজ রাজা!

স্পোর্টস ডেস্ক:
ছিলেন ক্রিকেটার। তারপর ক্রিকেট ধারাভাষ্যকার। দুই ভূমিকায়ই সফল পাকিস্তানের রমিজ রাজা। এবার তৃতীয় এক চরিত্রে মাঠে নামছেন সাবেক ওপেনার। বলা যাচ্ছে না কতোটা সাফল্য পাবেন। কারণ, চলচ্চিত্র বানানো যে কখনোই তার কাজ ছিল না!

বৃহস্পতিবার রমিজ পাকিস্তানের মিডিয়ায় জানিয়েছেন, সিনেমা বানাতে যাচ্ছেন তিনি। এর মধ্যে প্রধান অভিনেতা হিসেবে বলিউড ‌’মুন্না ভাই’ সঞ্জয় দত্তকে কাস্ট করেছেন। মাহিরা খান বা ক্যাটরিনা কাইফকে সঞ্জয়ের নায়িকা হিসেবে নেওয়ার কথা ভাবছেন।

ক্রিকেট এবং সন্ত্রাস, পাকিস্তানে এই দুটি বিষয় ২০০৯ সালে এক সুতোয় বাধা পড়েছে। সেবার সফরকারী শ্রীলঙ্কা দলের বাসের ওপর লাহোরের রাজপথে সন্ত্রাসী হামলা হলো। সেই থেকে পাকিস্তানে আর আন্তর্জাতিক কোনো দল সফরে যায় না। পাকিস্তান দল হোম সিরিজ খেলে দেশের বাইরে।

রমিজ রাজা যে সিনেমা বানাতে যাচ্ছেন সেটিও ক্রিকেট ও সন্ত্রাসকে কেন্দ্র করে। যেখানে দেখানো হবে, ক্রিকেট শেষ পর্যন্ত সন্ত্রাস দূর করে ফেলে। কিভাবে? এত বিস্তারিত কি আর বলবেন রমিজ!

ছবিতে অ্যাকশন থাকবে। থাকবে সাসপেন্স। রমিজ সাসপেন্সে আছেন লিড চরিত্রে নারী অভিনেতা কে হবেন তা এখনো চূড়ান্ত করতে পারেননি বলেও!

রমিজ বলেছেন, ‌’মাহিরা খান (রইসের পাকিস্তানি অভিনেত্রী) বা ক্যাটরিনা কাইফকে এই মুভিতে কাস্ট করতে চাই। তাদের প্রতিভা অসামান্য।’

এখন দেখা যাক শেষ পর্যন্ত রমিজের সিনেমাটা কিভাবে এগোয়, কবে কোথায় গিয়ে শেষ হয়।

  •  
  •  
  •  
  •