উইকেট কিপিং ছাড়ছেন মুশফিক
খেলাধুলা ডেস্ক:
শ্রীলঙ্কা টেস্টে উইকেটের পিছনে দাঁড়াচ্ছেন না মুশফিকুর রহিম। শোনা যাচ্ছে টিম ম্যানেজমেন্টের চাপে পড়েই উইকেটরক্ষকের দায়িত্ব ছাড়তে হচ্ছে তাকে। তবে এগিয়ে আনা হয়েছে তার ব্যাটিং পজিশন। ছয় নম্বর নয়, চারে ব্যাট করবেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক।
এই মুহুর্তে একসঙ্গে তিনটি দায়িত্ব পালন করতে গিয়ে বেশ হিমশিম খাচ্ছেন মুশফিক। বিশেষ করে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও টানতে হয়। টিম ম্যানেজমেন্টের ভাবনা সেক্ষেত্রে উইকেটকিপিংয়ের দায়িত্বটা ‘চাপ’ হয়ে দাড়াচ্ছে ৫২ টেস্ট খেলা এই ক্রিকেটারের জন্য।
উইকেটের পেছনে ‘বাড়তি’ দায়িত্ব হলেও শুরু থেকেই কাজটা উপভোগ করে আসছেন মুশফিক। শত সমালোচনার মধ্যেও সেটা বারবার মনে করিয়ে দিয়েছেন। দায়িত্বটা হাতছাড়া করতে চান না, সেটাও জানিয়েছেন। কিন্তু ম্যানেজমেন্ট সরে আসতে বললে তাই করবেন, এটাও জানিয়েছিলেন। শেষপর্যন্ত সেই পথেই হাঁটল টিম ম্যানেজমেন্ট। লঙ্কানদের বিপক্ষে তার চাপ কমাতেই নাকি টেস্টে গ্লাভস পরা হচ্ছে না তার।
সেক্ষেত্রে উইকেটকিপিংয়ের দায়িত্ব উঠছে লিটন কুমার দাসের হাতে। বাংলাদেশের হয়ে তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান।

