১৮২ রানে পিছিয়ে থেকে শেষ করল বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক:
শুরু আর শেষের মধ্যে কোনো মিল থাকল না। কোনো উইকেট না হারিয়ে ১০০ পার করা বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ৩১২ রানেই। টেস্টের প্রথম ইনিংসেই ১৮২ রানের লিড পেল স্বাগতিক শ্রীলঙ্কা। দলীয় ১১৮ রানের মাথায় তামিম ইকবাল ও ৩১২ রানে মুস্তাফিজুর রহমানের বিদায়- মাঝের ১৯৪ রান তুলতেই ১০ উইকেট খুইয়েছে বাংলাদেশ।
ফলোঅন এড়ালেও মুশফিক-সাকিবদের মুখে চওড়া হাসি জায়গা পায়নি। দুই উইকেটে ১৩৩ রানে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ এদিন ১৭৯ রান যোগ করতেই গুটিয়ে যায়। বৃহস্পতিবার তৃতীয় দিনের প্রথম সেশনেই খেই হারায় মুশফিকুর রহিমের দল। ৮০ রান তুলতেই দলের চার ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ।
আগের দিন ৬৬ রান করে অপরাজিত থাকা ওপেনার সৌম্য সরকার মাত্র পাঁচ রান যোগ করতেই ফিরে যান। সুরঙ্গ লাকমলের একটি বল পুল করতে গিয়ে ব্যক্তিগত ৭১ রানে লাহিরু কুমারার হাতে সহজ ক্যাচ তুলে দেন সৌম্য।
সৌম্যর পর সাকিব আল হাসান ঝড়ো শুরু করেছিলেন। কিন্তু সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত ২৩ রানে লাকসান সান্দাকানের ঘূর্ণিতে কট বিহাইন্ডের কবলে পড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মাহমুদউল্লাহ রিয়াদ (৮), লিটন কুমার দাস (৫) শুরুর আগেই নিজেদের উইকেট বিলিয়ে দেন রঙ্গনা হেরাথ-লাহিরু কুমারাদের কাছে।
তবে মুশফিক ও মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলীয় সংগ্রহ ৩০০ পার করে বাংলাদেশ। সপ্তম উইকেটে দু’জন মিলে গড়েন ১০৬ রানের জুটি। উইকেটের একপ্রান্ত আগলে লড়াই করা মুশফিক তুলে নেন ক্যারিয়ারের ১৬তম হাফ সেঞ্চুরি।
১০৭ বলে চারটি চার ও এক ছয়ে হাফ সেঞ্চুরির দেখা পান এই টেস্ট অধিনায়ক। তাকে সঙ্গ দেওয়া মিরাজের ব্যাট থেকে আসে ৪১ রান। মিরাজ ফিরে গেলে মুশফিককে সঙ্গ দিতে পারেননি কেউই। মিরাজের পরের বলেই ফিরে যান তাসকিন। আউট হওয়ার আগে মুশফিকের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৮৫ রান। ১৬১ বলে আট চার ও এক ছয়ে ৮৫ রানের কার্যকরী এই ইনিংস খেলেন তিনি।
বৃষ্টি শঙ্কায় চা বিরতির আগেই খেলা বন্ধ হয়। খেলা মাঠে গড়ালে প্রথম বলেই শেষ ব্যাটসম্যান হিসেবে চার রান করে আউট হন মুস্তাফিজুর রহমান। রানের খাতা খুলতে না পারলেও অপরাজিত থাকেন পেসার শুভাশিষ রায়।
এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের ১৯৪ রানের ইনিংসে চড়ে সবকটি উইকেট হারিয়ে ৪৯৪ রান তোলে। জবাবে দারুণ শুরু করেছিলেন দুই বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল-সৌম্য সরকার। এই জুটি থেকে দ্বিতীয় দিনের শেষ বিকেলে ১১৮ রান পায় বাংলাদেশ। তামিম ৫৭ রানে নাটকীয় রান আউটের কবলে পড়লে উইকেটে আসেন মুমিনুল হক। ব্যক্তিগত ৭ রান করে পেরেরার এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।
প্রথম ইনিংসে লঙ্কানদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন দিলরুয়ান পেরেরা ও অধিনায়ক রঙ্গনা হেরাথ। এছাড়া সুরঙ্গ লাকমল, লাহিরু কুমারা ও লাকসান সান্দাকান নিয়েছেন একটি করে উইকেট।

