সাকিবকে হটিয়ে আবারও ১ নম্বরে অশ্বিন
ক্রিড়া ডেস্ক:
‘সাকিব আল হাসান আগের সেই বোলার নেই।’ একদিনে আগেই বাংলাদেশ দলের লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন এমনই। তার এই কথার ছাপই কি মিলছে আইসিসির টেস্ট অলরাউন্ডার বিশ্ব র্যাঙ্কিংয়ে? মাত্র পাঁচ দিন আগে যাকে হটিয়ে টেস্টের শীর্ষ অলরাউন্ডারের জায়গাটা পুনরুদ্ধার করেছিলেন, হয়েছিলেন তিন সংস্করণেরই সেরা, সেই রবিচন্দ্রন অশ্বিনই আবার পেছনে ফেললেন সাকিবকে। সোমবার আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে এই পালাবদল হয়।
সাকিব মূলত অশ্বিনকে পিছনে ফেলেছিলেন নিউজিল্যান্ড ও ভারত সিরিজে নিজের পারফরম্যান্স দিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনে টেস্টে অশ্বিন ৭ উইকেট নিলেও ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করে এসেছিলেন সাকিব। টুকটাক রান আর উইকেট ছিল। কিন্তু উইকেটে পিছিয়ে পড়ছিলেন। যেখানে এগিয়ে গেছেন অশ্বিন। যার কারণে টেস্টের শীর্ষ অলরাউন্ডারের জায়গাটি সাকিব ছাড়তে বাধ্য হলেন। তবে গলে সাকিবের ব্যর্থতা, আর বেঙালুরুতে অশ্বিনের ৮ উইকেটই দুজনের অবস্থান রদবদল হলো আরেক দফায়।
সাকিবই বিশ্ব ইতিহাসের সেই একমাত্র খেলোয়াড় যিনি টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টিতে একই সময়ে সেরা অলরাউন্ডার হওয়ার রেকর্ড গড়েছেন। ২০১৫ সালের শেষে তার কাছ থেকে টেস্টের ১ নম্বর জায়গাটি কেড়ে নেন অফি অশ্বিন। অনেক লড়ে শেষে গেল সপ্তাহে জায়গাটা ফিরে পেয়েছিলেন। সাকিব দ্বিতীয়বারের মতো বিশ্বের তিন সংস্করণেরই আন্তর্জাতিক ক্রিকেটে এক নম্বর অলরাউন্ডার হয়েছিলেন। কিন্তু আবার দুই নম্বরে নেমে যেতে হলো তাকে। এখন ৪৩৪ রেটিং পয়েন্ট অশ্বিনের। সাকিবের ৪০৩।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে স্টিভ স্মিথ অবশ্য ধরে রেখেছেন সেরা অবস্থানটা। তবে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়াসমসন জো রুটকে একধাপ পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছেন। তিন থেকে চারে নেমে যেতে হয়েছে বিরাট কোহলিকে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহীম উঠে এসেছেন ২৯তম স্থানে।
বোলিংয়ে শীর্ষ দশে অবশ্য কোন পরিবর্তন হয়নি। অশ্বিন এবং জাদেজা যথারীতি এক ও দুই। তবে বাংলাদেশের টিনএজার অফস্পিনার মেহেদী হাসান মিরাজ উঠে এসেছেন ৩৬তম স্থানে।

