গুগল ডুডলে টেস্ট ক্রিকেটের ১৪০ বছর
স্পোর্টস ডেস্ক:
বিশেষ কোনো দিন মানেই সার্চ ইঞ্জিন গুগলের হোমপেজের লোগো বদলে যাওয়া। এবারও ব্যতিক্রম হয় নি। টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের সফরকে সম্মান জানিয়েছে গুগুল ডুডল। ১৪০ বছর আগে এই দিনেই মাঠে গড়িয়েছিল ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ।
১৮৭৭ সালের ১৫ মার্চ ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। অংশগ্রহণকারী দল দুটি ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে কেমন ছিল ১৪০ বছর আগের সেই ম্যাচটি? তারই এক ঝলক তুলে ধরেছে গুগুল ডুডল।
এই প্রসঙ্গে গুগলের তরফ থেকে জানানো হয়েছে, ‘স্পোর্টসম্যান স্পিরিটকে সম্মান জানাতেই আজকের গুগুল ডুডল ইতিহাসের প্রথম টেস্টকে মনে করেছে। গোঁফ রাখাটা তখনকার ক্রিকেটারদের স্টাইল ছিল। এছাড়াও লাল বল যা আজও ক্রিকেটীয় ঐতিহ্য বহন করে। কারণ প্রথম দিন থেকেই বলের প্রতি নজর ছিল ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডারদের।’
ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। ঐতিহাসিক সেই ম্যাচের প্রথম বলটি খেলেছিলেন অজি ব্যাটসম্যান চার্লস ব্যানারম্যান। আর টেস্ট ক্রিকেটের প্রথম বলটি করেছিলেন ইংল্যান্ডের আলফ্রেড শ।

