আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মিসবাহ
খেলাধুলা ডেস্ক :
অনেক দিন ধরেই চলছিল গুঞ্জন। অবশেষে এল আনুষ্ঠানিক ঘোষণা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১ এপ্রিল শুরু তিন ম্যাচের টেস্ট সিরিজই তার শেষ।
বৃহস্পতিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন মিসবাহ, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি আমি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজই আমার শেষ।’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলে জানান ৪২ বছর বয়সি এই ক্রিকেটার, ‘আমি ঘরোয়া পর্যায়ে খেলা চালিয়ে যাব। ঘরোয়া ক্রিকেট কবে ছাড়ব, সেটা পরে জানাব।’
বয়স ৪২ পেরিয়েছে। মিসবাহর সাম্প্রতিক ফর্মও ভালো নয়। সম্প্রতি দলও হেরেছে টানা ছয়টি টেস্ট। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান সিরিজ হারে যথাক্রমে ২-০ ও ৩-০ ব্যবধানে। মিসবাহর অবসর নিয়ে তাই প্রশ্নই উঠে গিয়েছিল।
নিউজিল্যান্ড সফরে মিসবাহ খেলেছেন একটি টেস্ট। রান করেছেন ৪০। অস্ট্রেলিয়া সফরে তিন টেস্ট মিলিয়ে মোট রান ৭৬। মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের নাটকীয় ব্যাটিং ধসে মিসবাহ মারেন ডাক। দল হারে ইনিংস ব্যবধানে।
মেলবোর্নে হারের পর দলের ব্যর্থতার দায় নিয়ে মিসবাহ জানিয়ে দেন, অবসরের চিন্তা করছেন, সিডনিতে পরের টেস্টে নাও খেলতে পারেন। পরে অবশ্য সিডনিতে খেলেছেন। ম্যাচের পর জানিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে খেলবেন। সেই সিরিজেই ক্যারিয়ারের ইতি টানছেন।
মিসবাহ এখন পর্যন্ত ৭২ টেস্টে ৪ হাজার ৯৫১ রান করেছেন। টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এখন তিনি সাতে। পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক তিনিই। তার অধীনে পাকিস্তান ৫৩ টেস্টের ২৪টিতে জিতেছে। ২০১৫ বিশ্বকাপের পর তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন। দুই বছর পর টেস্ট ক্রিকেটকেও বিদায় বললেন।

