নেইমারের কান্না ছুঁয়েছে আলভেজকে
খেলাধুলা ডেস্ক:
গত মৌসুমেও বার্সেলোনার হয়ে খেলেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। বার্সেলোনার সাথে আট বছরের সম্পর্ক ছিন্ন করে এই মৌসুমে যোগ দিয়েছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। সেই জুভেন্টাসের হয়ে সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিলেন ৩৩ বছর বয়সী এই রাইট ব্যাক।
বুধবার বার্সার ঘরের মাঠ ন্য ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও জুভেন্টাস। তুরিনে প্রথম লেগে ৩-০ গোলের ব্যবধানের হার নিয়ে ফিরেছিলো কাতালানরা। দ্বিতীয় লেগ গোল শূন্য ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে জুভেরা।
এই ম্যাচের শেষ বাঁশি বাজার পর নিজের আবেগ সামলাতে পারেননি বার্সার তারকা ফরোয়ার্ড নেইমার। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে মাঠেই শুয়ে পড়েন এই ব্রাজিলিয়ান অধিনায়ক। আর তা দেখে নিজেকে ধরে রাখতে পারেননি নেইমারের সাবেক বার্সা সতীর্থ দানি আলভেজ।
ছুটে গিয়ে ব্রাজিল জাতীয় দলের সতীর্থ নেইমারকে জড়িয়ে ধরেন তিনি। নেইমারকে সান্ত্বনা দিতে ছুটে গিয়ে তিনি বলেন, ‘জীবন এমনই। দূর্ভাগ্যবশত আমাদের এভাবে মুখোমুখি হতে হয়েছে।’ তখন আলভেজকে জড়িয়ে ধরে কান্না করেন ২৫ বছর বয়সী নেইমার।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করে অম্লমধুর অভিজ্ঞতা হয়েছে আলভেজের। একে তো সাবেক ক্লাবের মাঠ, অন্যদিকে তাদের বিপক্ষে জয়। ম্যাচ শেষে এই অভিজ্ঞতার কথা সংবাদকর্মীদের জানিয়ে তিনি বলেন, ‘আমার দল ও সতীর্থদের জন্য আমি আনন্দিত। কিন্তু সাবেক ক্লাবের মাঠে ফিরে মিশ্র অনুভূতি হচ্ছে। বার্সার বন্ধুরা হতাশ। এটা অদ্ভুত এক অনুভূতি যা কষ্টদায়ক। জীবন তো এমনই। অন্যদিকে ফল উল্টো হলে আমার জন্য তাদের খারাপ লাগতো।’
পুরোনো ক্লাবে ফিরে বেশ স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন সাবেক এই বার্সা ফুটবলার। রেফারি খেলা শুরুর সংকেত দেওয়ার পরও বার্সেলোনার ডাগ আউটে গিয়ে চির পরিচিত খেলোয়াড়, ও কোচিং স্টাফদের সাথে তাড়াহুড়ো করে কুশল বিনিময় করতে দেখা যায় তাকে।
বার্সেলোনার হয়ে সাত মৌসুমে ৩৯১টি ম্যাচ খেলে ২১টি গোল করেছেন দানি আলভেজ। ক্লাবটির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা-লিগা শিরোপা ছাড়াও জিতেছেন ক্লাব ওয়ার্ল্ড কাপ সহ ইউরোপিয়ান ক্লাবের মত মেজর শিরোপা।
সূত্র: গোল ডটকম

