চলতি মৌসুম শেষেই রিয়াল ছাড়ছেন পেপে!
স্পোর্টস ডেস্ক:
দীর্ঘদিন ধরেই রিয়াল মাদ্রিদের রক্ষণে গুরুত্বপূর্ণ একজন ডিফেন্ডার পেপে। ক্যারিয়ারের শেষ দশটি বছর সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির হয়েই কাটিয়ে দিয়েছেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে ইনজুরির সঙ্গে যুদ্ধ করায় এবারের মৌসুমটি মোটেও ভালো কাটেনি পর্তুগিজ তারকার। তাই মৌসুম শেষেই রিয়াল ছেড়ে নতুন ক্লাবে যেতে পারেন তিনি।
২০০৭ সালে পোর্তো থেকে ৩০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন পেপে। চলতি বছরই রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তার। চুক্তি নবায়নে রিয়াল আগ্রহী না হওয়ায় এটাই রিয়ালে তার শেষ মৌসুম হতে পারে। এদিকে পর্তুগিজ এ তারকার প্রতি আগ্রহী রয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
৮ এপ্রিল লিগ ডার্বিতে পাঁজরের ইনজুরিতে পড়েছিলেন পেপে। এরপর কয়েকটি ম্যাচের জন্য ফিট হলেও এক মিনিটের জন্য মাঠে নামতে পারেননি তিনি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচেও তার প্রতি আগ্রহ দেখাচ্ছেন না রিয়াল কোচ জিনেদিন জিদান। রিয়ালে সম্প্রতি অভিজ্ঞ এ ডিফেন্ডারের জায়গা দখল করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফায়েল ভারানে।

