ফের আইপিএলে ফিরছে চেন্নাই ও রাজস্থান
স্পোর্টস ডেস্ক:
দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফের আইপিএলে ফিরতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। আইপিএলের পরবর্তি আসর (২০১৮ সালে) থেকেই আবার দেখা যাবে পুরোনো দুই ফ্র্যাঞ্চাইজিকে।
২০১৩ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন এই দুই ফ্র্যাঞ্চাইজির শীর্ষ দুই কর্তা। তদন্তের পর যা প্রমাণিত হওয়ায় ২০১৫ সালে দুই বছরের জন্য নিষিদ্ধ হয় এই দুই ফ্র্যাঞ্চাইজি।
বৃহস্পতিবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের। শুক্রবার থেকে প্রচারণাতেও নেমে পড়েছে দল দুটি।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। সে আসরে রানার্স আপ হয়েছিল চেন্নাই সুপার কিংস। প্রথম আসরের দুই ফাইনালিস্টই জড়িয়ে পড়ে স্পট ফিক্সিংয়ে। প্রথম আসরে শিরোপা ঘরে তুলতে না পারলেও এরপর দুই বার চাম্পিওন হয় চেন্নাই। ২০১০ ও ২০১১ সালে শিরোপা ঘরে তুলে তারা। দুই বছর আগে দুই ফ্র্যাঞ্চাইজি নিষিদ্ধ হওয়ায় নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপার জায়ান্টস ও গুজরাট লায়ন্সকে অন্তর্ভূক্ত করা হয়। চেন্নাই ও রাজস্থান ফেরায় পরবর্তি আসরে আর দেখা যাবে না পুনে ও গুজরাটকে।
এদিকে চেন্নাইয় সুপার কিংসের সাফল্যের অন্যতম কারিগর মহেন্দ্র সিংহ ধোনি গত দুটি আসর খেলেছেন রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে। আসছে মৌসুমে তাকে দলে পেতে মরিয়া চেন্নাই। পরবর্তি আইপিএল-এ রিটেনশন নীতি কী হবে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে। তবে চেন্নাই নিজেদের তারকাদের এখন থেকেই ফিরে পেতে মরিয়া।
দলটির এক শীর্ষ কর্তা ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘যদি আমাদের কোনও একজন ক্রিকেটারকে ধরে রাখার নির্দেশ দেওয়া হয়, সেটা অবশ্যই ধোনি হবে। এখনও আমরা ধোনির সঙ্গে কথা শুরু করিনি। কারণ পুনের সঙ্গে এই বছরের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে ধোনির। তবে ধোনির সঙ্গে যোগাযোগ করা হবে শীঘ্রই।’

