অস্ট্রেলিয়ার শেষ ভরসা ম্যাক্সওয়েলকে ফেরালেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক:
দিনের শুরুতে সাজঘরে ফেরেন অধিনায়ক স্টিভেন স্মিথ। অধিনায়ককে হারিয়ে কোণঠাসা অস্ট্রেলিয়াকে এরপর পথ দেখাতে থাকেন ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম্ব। এই দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অজিরা। তাদেরকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন দুই বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান। কিন্তু তারপরও ‘গলার কাঁটা’ হয়েই যেন ক্রিজে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল।
এবার তাকেও ফিরিয়েও দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ইনিংসের ৪৪ তম ওভারের প্রথম বলে অস্ট্রেলিয়ার শেষ ভরসা ম্যাক্সওয়েলকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাকিব। এই টেস্টে এটা সাকিবের তৃতীয় শিকার। এর আগে উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে নিজের তৃতয় শিকারে পরিণত করেন ডানহাতি অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। ওয়েড-ম্যাক্সওয়েলের বিদায়ে আট উইকেট হারিয়ে অলআউটের অপেক্ষায় সফরকারী অস্ট্রেলিয়া দল।
এর আগে দ্বিতীয় দিনের শুরুটা একটু ঝলমলেই চাচ্ছিল বাংলাদেশ দল। তাই দিনের প্রথমভাগে পেসার শফিউল ইসলামের সঙ্গে আক্রমণভাগে মিরাজকে আনেন অধিনায়ক মুশফিকুর রহিম। অধিনায়কের আস্থার প্রতিদানও দিলেন মিরাজ। দিনের তৃতীয় ওভারের শেষ বলে অজি অধিনায়ককে সাজঘরে পাঠান ডানহাতি এই অফ স্পিনার। আউট হওয়ার আগে ১৬ বলে এক চারে আট রান করেন। এক ওভার পর আবারও আঘাত হানেন মিরাজ। এবার তার শিকার ম্যাট রেনশ। কিন্তু রিভিউর জোরে বেঁচে যান রেনশ।
এরপর রেনশ-হ্যান্ডসকম্বের ব্যাটে ঘুরে দাঁড়ায় অজিরা। দুজনে মিলে গড়েন ৬৯ রানের জুটি। তবে ইনিংসের ৩৩ তম ওভারে ২৫ বছর বয়সী স্পিনার তাইজুলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ৩৩ রান করা হ্যান্ডসকম্ব। তিন ওভার পর সাকিবের বলে স্লিপে ক্যাচ দেন ওপেনার রেনশ। প্রথমবারের চেষ্টায় তালুবন্দী করতে না পারলেও দ্বিতীয়বারে ঠিক লুফে নেন সৌম্য। মধ্যাহ্নভোজের বিরতির পর প্রথম আঘাত হানেন মিরাজ। উইকেটরক্ষক ম্যাথু ওয়েডকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন তিনি।
কিন্তু উইকেটে তখনও ছিলেন অস্ট্রেলিয়ার শেষ ভরসা ম্যাক্সওয়েল। কিন্তু তাকেও স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে বাংলাদেশ শিবিরে স্বস্তি বইয়ে দিলেন সাকিব। ৪৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ আট উইকেটে ১৪৭ রান। অজিরা এখনও ১১৩ রান পিছিয়ে। হাতে রয়েছে দুটি উইকেট।

