ভারত-নিউজিল্যান্ড ম্যাচে পিচ ফিক্সিং!

স্পোর্টস ডেস্কঃ

ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের কথা সবার জানা। স্পট ফিক্সিংও। কত সব অভিনব কায়দায় জুয়াড়িরা স্পট ফিক্সিং করছেন আজকাল। কিন্ত তাই বলে পিচ ফিক্সিং? ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়ানোর আগে আলোচনা এখন পিচ ফিক্সিং নিয়েই।
বুধবার পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মাঠে গড়াবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। আর সেই ম্যাচের আগে জুয়াড়িদের কাছে টাকার বিনিময়ে পিচের ধরণ পাল্টে দিতে রাজি হয়েছেন মাঠটির কিউরেটর পানদুরাং সালগাওকার। কিন্তু সেই জুয়াড়িরা আসলে ছিলেন ছদ্মবেশী সাংবাদিক। সালগাওকার বিপাকে পড়ে গেছে এখানেই।
পুনে ম্যাচের আগে স্ট্রিং অপারেশন করেন ইন্ডিয়া টিভি টুডের কয়েকজন সাংবাদিক। বুকি সেজে তারা যান ৬৮ বছরের সালগাওকারের কাছে। কোন ক্রিকেট ম্যাচ শুরুর আগে মূল ম্যাচের পিচ শুধু দুই দলের কোচ, খেলোয়াড়রাই দেখতে পারেন। বাকিদের কাছে যাওয়ারও সুযোগ নেই। কিন্তু সালগাওকার সেই ছদ্মবেশী বুকিদের পিচের কাছে নিয়ে গেছেন। কেমন আচরণ করবে তাও ফাঁস করেছেন। এমনকি টাকার বিনিময়ে পিচের ধরণ পাল্টে দেওয়ার প্রস্তাবেও রাজি হয়েছেন।
এমন খবর ফাঁস হওয়ার পর পরই কিউরেটর সালগাওকারকে সাসপেন্ড করেছে বিসিসিআই। সংস্থার সেক্রেটারি অমিতাভ চৌধুরি জানিয়েছেন, ‘মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসসিয়েশনের কিউরেটরের পদ থেকে পানদুরাং সালগাওকারকে বহিষ্কার করা হলো।’
সালগাওকার নিজে ক্রিকেট খেলেছেন মহারাষ্ট্রের হয়ে। ১৯৭১ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত ছিল তার ক্রিকেট ক্যারিয়ার। ছিলেন বোলার। ৬৩টি ফার্স্ট ক্লাস ম্যাচে ২১৩ উইকেট শিকার করেন তিনি। মহারাষ্ট্র রঞ্জি ট্রফি টিমের নির্বাচকও সালগাওকার।

  •  
  •  
  •  
  •