দেশের প্রথম স্পোর্টস রেডিও উদ্বোধন করবেন মাশরাফি
স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করতে যাচ্ছে সম্পূর্ণ স্পোর্টস বিষয়ক এফএম স্টেশন রেডিও এজ ৯৫.৬।
সোমবার (৩০ অক্টোবর) বিকেলে পাঁচটায় নাভানা টাওয়ার, গুলশান-১ এ অবস্থিত বিশেষায়িত এ রেডিও স্টেশনটির উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম, জাতীয় হকি দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, ভারোত্তলনে স্বর্ণজয়ী খেলোয়াড় মাবিয়া আক্তার সীমান্ত।
রেডিওটির পক্ষ থেকে জানানো হয়, গত কয়েক মাস ধরে ‘রেডিও এজ’ ক্রীড়া বিষয়ক পরীক্ষামূলক সম্প্রচার চালিয়ে আসছে। পূর্ণাঙ্গ প্রস্তুতির পর সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এটি।”
এছাড়া রেডিও এজের ব্যবস্থাপনা পরিচালক শাফকাত সামিউর রহমান বলেন, “নিশ্চিতভাবেই রেডিও এজ শুধুমাত্র ধারাভাষ্য কেন্দ্রিক একটি স্টেশনে পরিণত হবে না। এ স্টেশনটি প্রধান দুই খেলা ক্রিকেট ও ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। দেশ ও আন্তর্জাতিক পর্যায়ের সব ধরনের খেলার আপডেট, ধারাভাষ্য, ভেতরের খবর, খেলোয়াড়দের ব্যক্তিজীবন, স্পোর্টস ফ্যাশনসহ ক্রীড়া সম্পৃক্ত সম্ভাব্য সব বিষয়ই হবে রেডিও এজের অনুষ্ঠানের উপজীব্য।”
তিনি আরো বলেন, “বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের নিয়ে একটি বিষেশজ্ঞ প্যানেল তৈরির পরিকল্পনাও করবে রেডিও এজ। যারা রেডিওর শ্রোতাদের জন্য মানসম্মত ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিশ্চিত করবেন।” এ ব্যাপারে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সহায়তা ও সমর্থনও কামনা করেন তিনি।
রেডিও এজের পরিচালক মির্জা শিবলী বলেন, “বাংলাদেশে এক সময়ের জনপ্রিয় কিন্তু কালের গর্ভে হারিয়ে যাওয়া খেলাগুলোকে আমরা ফিরিয়ে আনতে চাই নতুন প্রজন্মের সামনে। আমরা দেশের সব স্পোর্টস ফেডারেশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।”
প্রসঙ্গত, রেডিও এজ শোনা যাবে এফএম ৯৫.৬ টিউন করে। পাশাপাশি অনলাইনেও রেডিও এজের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি সব অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

