সাকিবের দুর্লভ রেকর্ড
স্পোর্টস ডেস্ক:
রেকর্ড, অর্জন আর মাইলফলককে যেন নিজের নামের প্রতিশব্দে পরিণত করেছেন সাকিব আল হাসান। একেকটি ম্যাচ খেলেন আর ছাড়িয়ে যান নিজেকে। চলমান ত্রিদেশীয় সিরিজেও সেই ধারা অব্যাহত রেখেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
শ্রীলঙ্কার বিপক্ষে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা সাকিব মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষেও গড়লেন দুর্লভ এক রেকর্ড। আর সেই দুর্লভ রেকর্ডটি হলো – টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি ও তিনটি করে উইকেট শিকার।
জিম্বাবুয়ের বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচে ব্যাট হাতে ৫১ রান করার পাশাপাশি বল হাতে ৩৪ রানের বিনিময়ে পান তিন উইকেট। এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও ব্যাট-বলে অলরাউন্ড পারফরম্যান্স প্রদর্শন করেন বাঁহাতি এ ক্রিকেটার। সেদিন বল হাতে ৪৭ রান খরচায় তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও খেলেন ৬৭ রানের অনবদ্য এক ইনিংস।
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে পেয়েছিলেন তিন উইকেট। যদিও ব্যাট করতে নেমে সেই ম্যাচে সাকিব থেমেছিলেন ৩৭ রানে। তবে টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি ও তিনটি করে উইকেট নিয়ে রেকর্ড বইয়ের সেই দুর্লভ পাতায় জায়গা করে নিয়েছেন সাকিব। যদিও তার আগে আরও তিন ক্রিকেটার এই দুর্লভ রেকর্ডে নাম লিখিয়েছিলেন। এরা হলেন – দক্ষিণ আফ্রিকার হ্যান্সি ক্রনিয়ে, ভারতের শচিন টেন্ডুলকার ও পাকিস্তানের শোয়েব মালিক।
১৯৯৯ সালে উইন্ডিজের বিপক্ষে হ্যান্সি ক্রনিয়ে প্রথম এই কীর্তি গড়েন। এই দুর্লভ রেকর্ডে তিনিই একমাত্র উপমহাদেশের বাইরের ক্রিকেটার। ২০০৪ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি ও তিনটি করে উইকেট শিকারের এই দুর্লভ রেকর্ড গড়েন শচিন। এরপর ২০০৭-০৮ সালে ইন্ডিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে আলাদা দুটি সিরিজে এই কীর্তি গড়েন পাকিস্তানের শোয়েব মালিক।

