সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রশিদ খান

স্পোর্টস ডেস্ক:

অভিষেকের পরই নিজের জাত চিনিয়েছেন। রশিদ খানকে এখন বলা হয় ‘ছোট দলের বড় তারকা’। আফগানিস্তানের এ লেগস্পিনার তার অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ করলেন এবার। ইতিহাসের সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিলেন তিনি।

রশিদ খান অবশ্য এককভাবে ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেননি। তার সঙ্গে রয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। তবে একটা দিক দিয়ে নিজেকে অনন্য এক উচ্চতায় তুলে ফেলেছেন আফগান স্পিনার।

মাত্র ৩৭ ওয়ানডের ক্যারিয়ারে ইতোমধ্যেই ৮৬টি উইকেট নিয়েছেন রশিদ খান। ক্যারিয়ারের প্রথম ৩৭ ম্যাচে এতগুলো উইকেট নেয়ার কীর্তি নেই ইতিহাসের আর কোনো বোলারের। শুধু তাই নয়, ইতিহাসের সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠার কীর্তিও এখন ১৯ বছর বয়সী ক্রিকেটারের।

রশিদের দূরন্ত পারফরম্যান্সে ভর করেই সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এ সিরিজে ১৬ উইকেট নেন এ লেগস্পিনার।

  •  
  •  
  •  
  •  

Tags: