ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের প্রাপ্তি

স্পোর্টস ডেস্ক:

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হালনাগাদ করা সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজকে টপকে ইতিহাসসেরা অষ্টম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। টেস্টের পর ওয়ানডে র‍্যাংঙ্কিংয়েও কিছুটা প্রাপ্তি আছে মাশরাফি বিন মুর্তজাদের। বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে তিন।

আজ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সর্বশেষ এই হালনাগাদে র‍্যাঙ্কিংয়ে আগের মতো সপ্তম অবস্থানেই আছে বাংলাদেশ। তবে রেটিং পয়েন্ট বেড়েছে। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯৩। ওয়ানডেতে বাড়লেও টি-টোয়েন্টিতে দুটি রেটিং পয়েন্ট কমেছে সাকিব আল হাসানদের। ৭৭ থেকে ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই টি-টোয়েন্টিতে ১০ নম্বরেই আছে বাংলাদেশ।

এই হালনাগাদে প্রাধান্য দেওয়া হয়েছে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমের ৫০ শতাংশ পারফরম্যান্সকে।

আইসিসির সর্বশেষ প্রকাশিত এই র‍্যাঙ্কিং দুঃসংবাদ বয়ে এনেছে ভারতের জন্য। ভারতকে টপকে পাঁচ বছর পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে ইংল্যান্ড। ইংলিশদের রেটিং পয়েন্ট বেড়েছে আট। মোট রেটিং পয়েন্ট এখন ১২৫। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১২২।

  •  
  •  
  •  
  •  

Tags: