বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে বড় ধাক্কা 

স্পোর্টস ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠার ২৫ দিন আগেই দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। যদিও মাউরো ইকার্দিকে না নেওয়ায় দল নিয়ে চলছিল আলোচনা। এর মাঝেই আর্জেন্টিনা পেল বড় দুঃসংবাদ। ডান হাঁটুর চোটের কারণে বিশ্বকাপের দল থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ গোলরক্ষক সার্জিও রোমেরো।

অনুশীলনে ডান হাঁটুতে চোট পান আর্জেন্টিনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ৩১ বছর বয়সী এই গোলরক্ষক। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার ডান হাঁটুতে ‘ব্লকেজ’ ধরা পড়েছে। ফলে ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে প্রতিনিধিত্ব করা রোমেরোকে যেতে হচ্ছে ছুড়ি-কাঁচির নিচে।

এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বলেছে, ‘ডান হাঁটুতে ব্লকেজ ধরার পড়ায় ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ২৩ জনের যে দল অংশ নেবে, সেখান থেকে বাদ পড়েছেন রোমেরো। আগামী কয়েকদিনের মধ্যে তার বিকল্প গোলক্ষকের নাম জানিয়ে দেওয়া হবে।’

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে বাকি দুই গোলরক্ষক চেলসির উইলি ক্যাবালেরো ও রিভারপ্লেটের ফ্রাঙ্কো আরমানি। আর রোমেরোর বিকল্প হিসেবে প্রাথমিক দল থেকে তাইগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যানের নাম ঘোষণা করতে পারে এএফএ।

আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপের মিশন শুরু করবে আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই সঙ্গী তুলনামূলক খর্ব শক্তির দল নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া।

আর্জেন্টিনার বিশ্বকাপ দল:
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, উইলি কাবায়েরো
ডিফেন্ডার: ক্রিস্টিয়ান আনসালদি, মার্কোস রোহো, মার্কোস আকুনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল মারকাদো, নিকোলাস ওটামেন্ডি, হাভিয়ার মাচেরানো, ফেডেরিকো ফ্যাজিও।
মিডফিল্ডার: এভার বানেগা, লুকাস বিলিয়া, এডুয়ার্ডো সালভিও, ক্রিস্টিয়ান প্যাভন, ম্যাক্সিমিলিয়ানো মেজা, অ্যাঞ্জেল ডি মারিয়া, ম্যানুয়েল লানজিনি, জিওভানি লো সেলসো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিও অ্যাগুয়েরো এবং গঞ্জালো হিগুয়েইন।

  •  
  •  
  •  
  •  

Tags: