৯০ মিলিয়নে কাভানিকে দলে চায় রিয়াল
স্পোর্টস ডেস্ক:
পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়ায় রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ কিছুটা নড়বড়ে মনে হচ্ছে। তবে নতুন মৌসুম শুরুর আগেই নিজেদের শক্তি বাড়াতে ব্যস্ত বিশ্বের অন্যতম সেরা ক্লাবটি। আক্রমণভাগে গতি আনতে গোলমেশিন খ্যাত উরুগুইয়ান স্ট্রাইকার এডিনস কাভানিকে চাইছে দলটি।
প্যারিস সেইন্ট জার্মান তারকা কাভানিকে দলে পেতে ৯০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত রিয়াল। ফরাসি ক্লাবটিকে এ জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ডন ব্যালনের এক প্রতিবেদনে। গত কয়েক বছরে পিএসজির জার্সিতে নিজের সেরাটা জানান দিয়েছেন কাভানি।
ক্লাব ফুটবল ইতিহাসে তারকা খচিত সেরা কয়েকটি ক্লাবের নাম জানতে চাইলে রিয়াল মাদ্রিদ ও বার্সালোনার নাম শুরুতে আসবে। ফুটবলার জগতের রথি-মহারথিরাও এই ক্লাব যুগলে নিজের প্রতিভা দেখে গিয়েছিলেন। দুই ক্লাবের মধ্যে ‘সেরা’দের দলে ভেড়াতে যারপরানই দৌড়ঝাপ দেখা যায়।
এবার মৌসুম শুরুর আগেই স্প্যানিশ এ দুই ক্লাবের ফুটবলারদের দলে ভেড়ানোর প্রতিযোগিতা চলছে। ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রকে নিয়েছে রিয়াল। সেলেসাও আরেক উঠতি তারকা ম্যালকমকে শিবিরে ঠাঁই দিয়েছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাব বার্সালোনা।
আক্রমণভাগে ক্রিস্টিয়ানো রোনালদোকে জুভেন্টাসের কাছে হারানোর পর লুকা মডরিচের ক্লাব ছাড়াও নিয়েও চলছে গুঞ্জন। নিজেদের সাজানো বাগান কিছুটা অগোছালো হওয়ায় হয়তো কিছুটা শঙ্কায় চ্যাম্পিয়নস লিগে হ্যাট্রিক শিরোপা জয়ী দলটি। তবে কাভানির মতো গোলমেশিনকে সান্তিয়াগো বার্নাব্যুতে উড়িয়ে আনতে পারলে রিয়ালে আক্রমণভাগে নতুন গতি আসবে বলে বিশ্বাস হোয়াইট ভক্তদের।

