দেশবাসীর কাছে দোয়া চেয়ে হজে গেলেন সাকিব
ক্রিড়া প্রতিবেদক:
আগেই জানা গিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে পবিত্র হজ পালন করতে যাবেন সাকিব আল হাসান। এজন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ষষ্ঠ আসর থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট সফর শেষে গেল বৃহস্পতিবার দলের সঙ্গে দেশে ফিরেছেন সাকিব। এর দুইদিন পর সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন।
১১ আগস্ট, শনিবার পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন টেস্ট ও টি-টোয়েন্টি ফরমেটে জাতীয় দলের এই অধিনায়ক। দেশ ছাড়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যন ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন সাকিব আল হাসান।
ফেসবুকে সাকিবের ভেরিফাইড পেজ থেকে দেওয়া পোস্টে তিনি লিখেন, ‘এই পবিত্র জিলহজ্ব মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহ্র নৈকট্য লাভের আশায় আল্লাহ্র ঘরে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি, যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ্ব পালন করতে পারি।
আমার বা আমার পরিবারের কোনো ভুলের জন্য আপনাদের নিকট আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমরা আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল।’
এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে পরিবারসহ পবিত্র ওমরা পালন করেছেন সাকিব। এবার হজের মৌসুমেও ছুটে যাচ্ছেন আল্লাহর ঘর জিয়ারত করতে। অন্যদিকে সিপিএলে সাকিবের বদলি হিসেবে বার্বাডোজ ট্রাইডেন্টসে জায়গা পেয়েছেন বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ হওয়া অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।

