নেইমারের হ্যাটট্রিকে পিএসজির বিশাল জয়
স্পোর্টস ডেস্ক:
নেইমারের হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগে বিশাল এক জয় পেয়েছে পিএসজি। সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।
‘সি’ গ্রুপের এই ম্যাচে কাল নিজেদের মাঠে নেইমারের তিন গোল ছাড়া পিএসজির হয়ে একটি করে গোল করেছেন এডিনসন কাভানি, অ্যাঙ্গেল ডি মারিয়া ও কিলিয়ান এমবাপে।
ম্যাচের ২০ মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন নেইমার। দুই মিনিট পরই নিজের দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এমবাপের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে খুব কাছ থেকে জালে পাঠান।
৩৭ মিনিটে পিএসজির তিন নম্বর গোলটা করেন উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি। প্রথমার্ধেই স্কোরলাইনটা ৪-০ করে ফেলে স্বাগতিকরা। ৪১ মিনিটে গোলটা করেন ডি মারিয়া। থমাস মুনিয়েরের ক্রস থেকে আর্জেন্টাইন উইঙ্গারের ফ্লিক খুঁজে নেয় অতিথিদের জাল।
দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে আরো দুই গোল পেতে পারত পিএসজি। তবে নেইমার ও এমবাপের শট ঠেকিয়ে বেলগ্রেডের ত্রাতা গোলরক্ষক মিলন বোর্জান।
৭০ মিনিটে এমবাপেকে আর আটকে রাখতে পারেননি অতিথি গোলরক্ষক। পিএসজির হয়ে নিজের ৫০তম ম্যাচের উপলক্ষটা গোল করে রাঙান ফরাসি ফরোয়ার্ড (৫-০)।
৭৪ মিনিটে অতিথিদের হয়ে একটি গোল শোধ করেছিলেন মার্কো মারিন। তবে ৮১ মিনিটে আরেকটি দুর্দান্ত ফ্রি-কিকে হ্যাটট্রিক পূর্ণ করেন নেইমার। ২৫ গজ দূর থেকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে বাঁকানো শট ডান কোনা দিয়ে জালে আশ্রয় নেয়।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে লিভারপুলের মাঠে ৩-২ গোলে হেরেছিল পিএসজি।
কাল নিজেদের দ্বিতীয় ম্যাচে নাপোলির কাছে ১-০ গোলে হেরেছে লিভারপুল। ৯০ মিনিটে নাপোলির জয়সূচক গোলটা করেন লরেঞ্জো ইনসিনিয়ের।

