আইসিসির প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশের দুই আম্পায়ার

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশের আরো দুই আম্পায়ার। তারা হলেন গাজী সোহেল এবং তানভীর আহমেদ।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এই দুই আম্পায়ারকে ২০১৮-১৯ মৌসুমের প্যানেল আম্পায়ার হিসেবে যুক্ত করেছে আইসিসি। শনিবার ই-মেইলের মাধ্যমে এই দুই আম্পায়ারকে আইসিসি নিশ্চিত করে বিষয়টি।

গাজী সোহেল এবং তানভীর আহমেদকে দিয়ে ২০১৮-১৯ মৌসুমে বাংলাদেশ থেকে প্যানেল আম্পায়ার হলেন চার জন। আগে থেকেই ছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ ও মাসুদুর রহমান মুকুল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেই আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার স্বাদ পাবেন গাজী সোহেল। ২০ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন তিনি।

এছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচেও আম্পয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল।

  •  
  •  
  •  
  •