অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে নতুন মুখ হ্যারিস
স্পোর্টস ডেস্ক:
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন মার্কাস হ্যারিস। শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার হয়ে খেলেন ২৬ বছর বয়সী এই ওপেনার। এছাড়া দলে ফিরেছেন ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব।
শেফিল্ড শিল্ডে হ্যারিস চলতি মৌসুমে ৪ ম্যাচে ৮৭.৪০ গড়ে ৪৩৭ রান করেছেন হ্যারিস। আগের দুই মৌসুম মিলিয়ে করেছেন ১ হাজার ৫১৪ রান।
হ্যারিস এর আগে খেলতেন নিজ রাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে। সেসময় দলটির কোচ ছিলেন জাস্টিন ল্যাঙ্গার। যিনি বর্তমানে অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোচ। হ্যারিস সেই সময়ই ল্যাঙ্গারের চোখে পড়েন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১০-১১ মৌসুমে তৃতীয় ম্যাচেই করেছিলেন ১৫৭ হ্যারিস। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারছিলেন না। ল্যাঙ্গার তখন তার সম্পর্কে বলেছিলেন, ‘মাঝেমধ্যে উজ্জ্বল হয়ে ফুটে ওঠা গড়পড়তা একজন।’
এদিকে দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান হ্যান্ডসকম্ব। টেস্ট ক্যারিয়ারের শুরুটা ভালো হলেও শেষ দিকটায় সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। সর্বশেষ মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্ট খেলেছিলেন তিনি।
ভারতের বিপক্ষে চার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর থেকে।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড : মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, শন মার্শ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, টিম পেইন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেজেলউড, নাথান লায়ন, ক্রিস ট্রিমেইন, পিটার সিডল, পিটার হ্যান্ডসকম্ব।

