আথলেটিকোর কাছে পয়েন্ট হারাল বার্সা
স্পোর্টস ডেস্ক:
শনিবার পুরো ম্যাচেই আধিপত্য নিয়ে খেলেছে বার্সেলোনা। তবু আথলেটিকোর বিপক্ষে হারের শঙ্কা পেয়ে বসেছিল তাদের। তবে উসমান দেম্বেলের গোলে শেষ মুহূর্তে হার এড়ায় লিওনেল মেসিরা।
এদিন আথলেটিকোর মাঠে লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও আথলেটিকো মাদ্রিদ। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এই ড্রয়ে শীর্ষস্থান ধরে রাখলেও বার্সেলোনাকে পয়েন্ট হারাতে হয়েছে একটি।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ে এদিন আধিপত্য ছিল বার্সারই। ম্যাচের ৭০ ভাগ সময়ই বল দখলে ছিল অতিথিদের। কিন্তু বল দখল নিয়ে খেললেও আথলেটিকোর রক্ষনাত্মক ফুটবলের সাথে কোনভাবে পেরে উঠছিল না তারা। নিজেদের মাঠে জয় পেতে মরিয়া আথলেটিকো নিজেদের রক্ষণ দুর্ভেদ্য করে রেখেছিল।
ফলে প্রথমার্ধে প্রতিপক্ষের গোল মুখে একটিও শট নিতে পারেনি বার্সা। ম্যাচের ৫৯ মিনিটে প্রথম সুযোগটি পায় আথলেটিকো। পাল্টা আক্রমণে আঁতোয়া গ্রিজমানের কাট ব্যাকে ছোট ডি-বক্সে পা লাগিয়েছিলেন জেরার্ড পিকে। কিন্তু তা সাফল্যের মুখ দেখেনি।
তবে খেলার ধারার বিপরীতে ৭৭ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। গ্রিজমানের কর্নার থেকে দলকে ১-০ গোলে এগিয়ে দেন দিয়েগো কস্তা।
দারুণ আক্রমণাত্মক খেললেও প্রতিপক্ষের জালে বল পাঠাতে ব্যর্থ হচ্ছিল বার্সেলোনা। একসময় হারের শঙ্কাই পেয়ে বসেছিল তাদের। তবে ম্যাচের শেষ মিনিটে ডি-বক্সে মেসির পাস দলকে সমতা এনে দেন দেম্বেলে।

