টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ হাফিজ

স্পোর্টস ডেস্ক:

আবু ধাবিতে চলছে পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় টেস্ট। এই ম্যাচ চলাকালীনই মঙ্গলবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের অল রাউন্ডার মোহাম্মদ হাফিজ। তবে সীমিত ওভারের ক্রিকেটে দেখা যাবে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারকে।

চলতি টেস্টের দ্বিতীয় দিন শেষে টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দিয়ে হাফিজ বলেছেন, ‘টেস্ট ক্রিকেট থেকে আমি আজ অবসরের ঘোষণা দিচ্ছি। এখন থেকে আমি সীমিত ওভারের ক্রিকেটেই মনোযোগী হবো।’

পাকিস্তানের হয়ে ৫৪টি টেস্ট (চলতি টেস্ট বাদে) খেলেছেন হাফিজ। ১০৩ ইনিংসে ১০টি সেঞ্চুরি রয়েছে তার। ৩৮.৩৫ গড়ে ৩৬৪৪ রান রয়েছে তার ঝুলিতে। ক্রিকেটের দীর্ঘ ফরম্যাট থেকে অবসরে গেলেও সাদা বলে নিয়মিত থাকার ইচ্ছা আছে তার। সেই কথাও জানিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে।

আগামী বছরই ইংল্যান্ডে বসছে ওয়ানডে বিশ্বকাপ। ওই টুর্নামেন্টের দিকে চোখ হাফিজের, ‘আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে চাই আমি। পাকিস্তানের হয়ে ৫৫ টেস্টে প্রতিনিধিত্ব ও দলের অধিনায়কত্ব করতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। আমি সন্তুষ্ট যে ১৫ বছরের ক্যারিয়ারে আমি আমার সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করেছি।’

২০০৩ সালে করাচিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে মোহাম্মদ হাফিজের। বল হাতে ৫৩ উইকেট নিয়েছেন তিনি। যদিও বোলার হিসেবে এই স্পিনারের পথ চলাটা খুব মসৃণ ছিল না। বেশ কয়েকবারই তার বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করেছিল আইসিসি। যদিও প্রতিবারই নতুনভাবে ফিরে এসেছেন হাফিজ।

জিম্বাবুয়ের বিপক্ষে দুবাইয়ে ওয়ানডে অভিষেক হওয়ার পর এ সংস্করণে ২০৩টি ম্যাচ খেলেছে হাফিজ। ব্যাট হাতে ১১টি সেঞ্চুরিসহ মোট রান করেছেন ৬১৫৩ এবং উইকেট নিয়েছেন ১৩৭টি।

  •  
  •  
  •  
  •