বার্সার সঙ্গে ড্র করে নকআউট রাউন্ডে টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনার মাঠে শুরুতে পিছিয়ে পড়েও শেষ দিকের গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে উঠেছে টটেনহ্যাম। বার্সার হয়ে গোল করেছেন উসমান ডেম্বেলে। অন্যদিকে টটেনহ্যামকে সমতায় ফেরান লুকাস মউরা।

মঙ্গলবার ক্যাম্প ন্যুতে ‘বি’ গ্রুপের খেলায় ফিরতি লেগে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও টটেনহ্যাম। ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়। এর আগে ওয়েম্বলিতে প্রথম লেগে ৪-২ গোলে জিতেছিল বার্সা।

আগেই নক আউট পর্ব নিশ্চিত হওয়ায় এদিন লিওনেল মেসিসহ নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বিশ্রামে রেখেই শুরুর একাদশ সাজান বার্সার কোচ। চোটের কারণে ছিলেন না লুইস সুয়ারেজও।

দারুণ প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের অষ্টম মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করেন ডেম্বেলে। মাঝমাঠে প্রতিপক্ষের খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে একক নৈপুণ্যেই টটেনহ্যামের জালের বল জড়ান ফরাসি এই ফরোয়ার্ড।

শুরুতে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি অতিথিরা। বরং বল দখলে ও আক্রমণে পাল্লা দিতে থাকে বার্সেলোনার সাথে। গোলমুখের শটে বার্সার চেয়ে এগিয়ে ছিল তারাই।

তবে ম্যাচের ৩০ মিনিটে সমতায় ফেরার দারুণ এক সুযোগ নষ্ট করে টটেনহ্যাম। ড্যানি রোজের ক্রসে গোলমুখে টোকা দিতে ব্যর্থ সন হিয়ুং-মিন।

বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে টটেনহ্যাম। কিন্তু বার্সার গোলমুখ খুলতে পারছিল না কোনভাবেই। প্রতিপক্ষের বেশ কিছু শট রুখে দিয়ে দলকে রক্ষা করেন বার্সার গোলরক্ষক সিলেসেন। তবে ম্যাচে ৮৫ মিনিটে দলকে আর রক্ষা করতে পারেননি তিনি। হ্যারি কেইনের বাড়ানো বল নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন সনের বদলি নামা ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস।

গ্রুপের অন্য ম্যাচে নিজেদের মাঠে পিএসভি আইন্দহোভেনের সঙ্গে ১-১ ড্র করেছে ইন্টার মিলান। ফলে টটেনহ্যাম ও ইন্টারের পয়েন্ট সমান ৮ করে। মুখোমুখি লড়াইয়ে নিজেদের মাঠে জিতেছে দুই দলই। কিন্তু প্রতিপক্ষের মাঠে গোল করায় নক আউট পর্বের টিকেট পেয়েছে মাওরিসিও পচেত্তিনোর দল।

  •  
  •  
  •  
  •