চিটাগাংয়ের নেতৃত্বে মুশফিকুর রহীম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন মুশফিকুর রহীম। ছিলেন সহ অধিনায়ক। কিন্তু এবারের আসরে ফ্র্যাঞ্চাইজিটি ছেড়ে দেয়ে তাকে। ফলে মুশফিকের খেলা নিয়ে তৈরি হয় জটিলতা। পরে ‘আইকন’ খেলোয়াড় হিসেবে তাকে দলে নেয় চিটাগাং ভাইকিংস। এবার অধিনায়ক হিসেবে মুশফিকের নাম ঘোষণা করেছে দলটি।
চিটাগাং ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে দলে পেয়ে খুশি ওয়াহেদ বলেছেন, ‘এ বছর আমাদের দলটা দুর্দান্ত হয়েছে। মুশফিক, রনকি, সিকান্দার রাজা, ডেলপোর্টের মতো অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমরা মুশফিককে অধিনায়ক হিসেবে পেয়ে ভীষণ খুশি। আশা করি এই মৌসুমটা আমাদের দুর্দান্তই কাটবে।’
মুশফিক ছাড়াও চিটাগাংয়ের হয়ে খেলবেন মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, নাঈম হাসান, সানজামুল ইসলামরা।
বিদেশি খেলোয়াড়ের মধ্যে আছেন নিউজিল্যান্ডের লুক রনকি, জিম্বাবুয়ের সিকান্দার রাজা, দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট, আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান।
শনিবার উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে মুশফিকের দল।

