বিকেলে মাঠে নামবেন ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক:

উদ্বোধনী ম্যাচে চিটাগংয়ের কাছে হেরে বিপিএলের এবারের আসর শুরু করেছে রংপুর রাইডার্স। তবে শনিবার দলের সেরা তরকা ক্রিস গেইলকে নিয়ে নামতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। রোববার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। আজকের ম্যাচে রংপুরের হয়ে মাঠে নামবেন গেইল। বাংলাদেশ সময় বিকেল ৫.২০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

শনিবারেই রংপুরের হয়ে গেইলের নামার কথা ছিল। তার আসার সময় ছিল শনিবার সকাল ৮টায়। কিন্তু ফ্লাইট দুই ঘণ্টা বিলম্ব করে। ফলে বিমান বন্দরের সমস্ত আনুষ্ঠানিকতা সেরে আর মাঠে নামার মতো অবস্থায় ছিলেন না ক্যারিবীয় ব্যাটিং দানব। ফলে হোটেলেই থেকে যান তিনি।

রোববার গেইলকে একাদশে পাচ্ছে রংপুর। ফলে এই দিনটা হতে যাচ্ছে বিপিএলে তিন মহা তারকার মাঠে নামার দিন। দুপুরে মুখোমুখি হবেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। আর বিকেলে নামবেন গেইল।

বিপিএলের ৫টি আসরের মধ্যে চারবারই ট্রফি উঠেছে মাশরাফির হাতে। শুধু ২০১৬-১৭ মৌসুম ছিল ব্যতিক্রম। এবারও বিপিএলের ট্রফি উঁচু করে ধরার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক।

মাশরাফির নেতৃত্বে রংপুরে আছেন নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন ও সোহাগ গাজীদের মতো দেশি তারকা। আর বিদেশি কোটায় গেইল ছাড়াও আছেন এবি ডি ভিলিয়ার্স ও অ্যালেক্স হেলসের মতো ব্যাটসম্যানরা।

এদিকে রিয়াদের খুলনায়ও বিদেশি তারকার ঘাটতি নেই। কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, লাসিথ মালিঙ্গা, ব্রেন্ডন টেলররা যে কোন প্রতিপক্ষের বুকে ভয় ধরানোর জন্য যথেষ্ট। আর দেশিয় তারকাদের মধ্যে আছেন আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলামদের মতো ক্রিকেটার

  •  
  •  
  •  
  •