আগুয়েরোর গোলে শীর্ষে ফিরল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক:

মৌসুমের একেবারে শেষ দিকে এসেও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার বিষয়টি নিষ্পত্তি হচ্ছে না। শিরোপার দাবীদার দুই দলের তুমুল লড়াইয়ে জমে উঠেছে লিগ। মাত্র ১ পয়েন্টের ব্যবধান নিয়ে শিরোপার জন্য রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।

বর্তমান চ্যাম্পিয়ন সিটি ৩৬ ম্যাচে ৯২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আচে তালিকার শীর্ষে। সমান সংখ্যক ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে লিভারপুল। লিগে প্রত্যেকেরই আর বাকি দুইটি করে ম্যাচ। সেই দুইটি ম্যাচই যদি সিটি জিতে যায় তবে শিরোপা তাদেরই হবে।

আর লিভারপুলের হিসাবটা হচ্ছে, শিরোপার লড়াইয়ে পরের দুই ম্যাচ তো তাদের জিততেই হবে, পাশাপাশি সিটির ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে। সিটি যদি পরবর্তী দুই ম্যাচের কোন একটিতেও ড্র করে তবেই শিকে ছিঁড়বে লিভারপুলের।

তবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে শিরোপার লড়াইয়ের সবচেয়ে জমজমাট প্রতিদ্বন্দ্বিতাটি হচ্ছে ইংলিশ লিগেই। শিরোপার লড়াইয়ের ইঁদুর বিড়াল দৌড়ে কখনো লিভারপুল এগিয়ে যাচ্ছে তো কখনো ম্যানসিটি।

রোববার বার্নলির মাঠে সার্জিও আগুয়েরোর গোলে ১-০ গোলের জয় পেয়েছে পেপ গুয়ার্দিওলার দল।। শিরোপা ধরে রাখতে বাকি দুই ম্যাচ জিতলেই হবে তাদের।

শিরোপা প্রত্যাশী দলটি এদিন প্রতিপক্ষের মাঠে দারুণ আধিপত্য নিয়েই খেলেছে। ম্যাচে ৭০ ভাগ সময় বল দখলে ছিল তাদের। প্রচণ্ড আক্রমণাত্মক খেলতে থাকা সিটি প্রতিপক্ষের গোলমুখেই শট নিয়েছে ২৫টি। যার ৭টিই ছিল টার্গেটে।

তবে সিটিকে জয়সূচক গোলটি এনে দেন আগুয়েরো। ম্যাচের ৬৩ মিনিটে বের্নার্দো সিলভার ক্রস থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন এই তারকা। চলতি লিগে এটি তার ২০তম গোল। দ্বিতীয় ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পঞ্চম মৌসুমে ২০টি বা তার বেশি গোল করার রেকর্ড গড়লেন এই আর্জেন্টাইন।

  •  
  •  
  •  
  •