নিষিদ্ধ মাদক নিয়ে বিশ্বকাপ দল থেকে বাদ হেলস
স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন অ্যালেক্স হেলস। নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। এর আগে আনন্দ বর্ধক ড্রাগ নেওয়ার অপরাধে ২১ দিনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। পরে জানা যায় নিষিদ্ধ মাদক সেবন করেছিলেন হেলস।
বিশ্বকাপ স্কোয়াডের পাশাপাশি আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের দল থেকেও হেলসকে বাদ দিয়েছে ইসিবি।
হেলসকে দল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে ইসিবির পুরুষ দলের ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলি জাইলস বলেছেন, ‘আমরা অনেক ভেবেছি এটা নিয়ে। ইংল্যান্ড দলে সঠিক পরিবেশটা বজায় রাখার চেষ্টা চালাচ্ছি আমরা। দলের জন্য যেটা ভালো সেটাই করা হয়েছে। দলের কারো মন যেন মাঠের বাইরের বিষয়ের দিকে না যায় এ জন্যই এই সিদ্ধান্ত।’
তবে দল থেকে বাদ পড়লেও এখানেই শেষ হয়ে যাচ্ছে না হেলসের ক্রিকেট ক্যারিয়ার। বিষয়টি নিশ্চিত করে অ্যাশলি বলেছেন, ‘আমি এটা পরিষ্কার করতে চাই যে, ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে এটা অ্যালেক্সের ক্যারিয়ারের শেষ নয়। আমরা ইংল্যান্ড দলকে ঘিরে সঠিক পরিবেশ তৈরি করতে কঠিন পরিশ্রম করছি।’

