আসছেন ভেট্টরি, থাকছেন ম্যাকেঞ্জি

স্পোর্টস ডেস্ক:

সাকিব-মিরাজদের কোচ হিসেবে আসছেন ড্যানিয়েল ভেট্টরি। নিউজিল্যান্ডের প্রাক্তন স্পিন অলরাউন্ডারকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

তবে এখনই তাকে পাচ্ছে না বিসিবি। নভেম্বরে বাংলাদেশ যাবে ভারতে খেলতে। ওই সিরিজের আগে ভেট্টরি যোগ দেবেন দলের সঙ্গে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভেট্টরি থাকবেন বাংলাদেশের সঙ্গে। তবে এ সময়েও তার পুরো সার্ভিস পাবেন না ক্রিকেটাররা। বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন কাজ করবেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

ভেট্টরির জাতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা নেই। আইপিএলে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিগ ব্যাশে ব্রিসবেন হিটে কোচিং করিয়েছেন। বিপিএলের গত আসরে তার রাজশাহী কিংসে কাজ করার কথাও ছিল। কিন্তু বিপিএল সূচী পরিবর্তন হওয়ায় ভেট্টরি সুযোগ পাননি বাংলাদেশে আসার।

এদিকে ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জির সঙ্গে চুক্তি বাড়িয়েছে বিসিবি। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে। গত এক বছর সীমিত পরিসরের ক্রিকেটে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এ ক্রিকেটার।

  •  
  •  
  •  
  •