১০০১-এ ‘ইউনিভার্সাল বস’ ক্রিস্টোফার হেনরিক গেইল
নিউজ ডেস্কঃ
রেকর্ডের জন্ম হয় ভাঙ্গার জন্যই। তবে ক্রিস্টোফার হেনরিক গেইল যে কীর্তি গড়লেন ২২ গজের টি-২০ সংস্করণে তা নিশ্চিত ভাবেই টিকে রবে বহুকাল। কারণ প্রতিযোগিতার মঞ্চে অন্যদের চেয়ে যে তিনি এগিয়ে যোজন-যোজন।
আইপিএলে শুক্রবার রাতে রাজস্থানের বিপক্ষে যখন ব্যাট হাতে মাঠে নামেন গেইল, তার নামের পাশে ৯৯৩ ছক্কা হাকানোর কীর্তি। এই ম্যাচ শেষে যে কীর্তি নিয়ে যান অনন্য উচ্চতায়। ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-২০ তে মারেন এক হাজার ছক্কা।
অথচ অফ ফর্মের অজুহাতে আইপিএলের প্রথম দিকের ম্যাচগুলোতে সাইড বেঞ্চেই বসে ছিলেন তিনি। সুযোগ পাওয়ার পর নিজের সামর্থের জানান দিয়েছেন প্রতিটি ম্যাচেই। যদিও রাজস্থানের বিপক্ষে এদিন তার ৯৯ রানের ইনিংসটি যথেষ্ট ছিলো না জয় তুলে নিতে।
আট ছক্কা আর ছয় চারের ইনিংসে ক্রিস গেইল রেকর্ডের জন্ম দেন ১৯তম ওভারে। কার্তিক তিয়াগির করা ওভারটির পঞ্চম বলে ছক্কা হাকান গেইল। তাতেই জন্ম নেয় রেকর্ডের। আউট হওয়ার আগে আরো একবার বলটাকে উড়িয়ে সীমানার ওপারে পাঠান ইউনিভার্সাল বস।
৪১০ ম্যাচ খেলে এই রেকর্ডের জন্ম দেন ক্রিস গেইল। দ্বিতীয় অবস্থানে থাকা তারই স্বদেশী কাইরন পোলার্ডের ছয়ের সংখ্যা ৬৯০। এ জন্য তিনি ম্যাচ খেলেছেন ৫২৪টি। ৩৭০ মাচে ৪৮৫ ছক্কা হাকিয়ে তালিকার তিন নম্বরে আছেন নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককলাম। চারে থাকা শেন ওয়াটসনের ছয়ের সংখ্যা ৪৬৭ আর ৪৪৭ ছক্কা হাকিয়ে শীর্ষ পাঁচের শেষে আছেন আন্দ্রে রাসেল।

