অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব, সেরা দশে মোস্তাফিজ
স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত ছিলেন সাকিব। তাতেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৪-১ ব্যবধানে। এমন পারফর্ম্যান্সের সুবাদে সাকিব আল হাসান আবারও চলে এসেছেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে।
সুখবর আছে মুস্তাফিজুর রহমানেরও। বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যের পুরস্কার পেলেন। টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে মুস্তাফিজ উঠে এসেছেন সেরা দশে।
অজিদের বিপক্ষে সিরিজের আগে ২৮৫ রেটিং পয়েন্ট নিয়ে মোহাম্মদ নবী ছিলেন এক নম্বরে। সাকিবের রেটিং পয়েন্ট ছিল ২৫২।
অস্ট্রেলিয়া সিরিজের পর সাকিবের রেটিং পয়েন্ট এখন ২৮৬ আর মোহাম্মদ নবীর ২৮৫। তিন নম্বরে থাকা স্কটিস অল-রাউন্ডার রিচার্ড বেরিংটনের রেটিং পয়েন্ট ১৯৪।

