রাজনীতিতে নামছেন কিংবদন্তি পেলে!

স্পোর্টস ডেস্ক:
ফুটবলকে বিদায় বলেছেন অনেক আগেই। এবার রাজনীতির মাঠে নামার ইঙ্গিত দিলেন ব্রাজিলিয়ান ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে। রোববার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে ব্রাজিলের ভাবমূর্তি উজ্জ্বল করেছে ফুটবল, যা কলঙ্কিত করছে রাজনীতিবিদদের দুর্নীতির অভিযোগ।’

আর ১০০ দিন পরই ব্রাজিলে অনুষ্ঠিত হবে ক্রীড়াজগতের মহাযজ্ঞ অলিম্পিক। অথচ রিও অলিম্পিককে সামনে রেখে প্রস্তুতি কাজে এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে আয়োজকরা। অভিযোগ উঠেছে বিভিন্ন পর্যায়ে দুর্নীতির।

এমনকি ব্রাজিলের সাবেক ও বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধেও উঠেছে ঘুষ কেলেঙ্কারি। যদিও দেশটির কেন্দ্রীয় তদন্ত কমিটির কমিটির সামনে অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা। তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে হলেও রাজনীতিবিদদের কারণে ব্রাজিলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করেন কিংবদন্তি ফুটবলার পেলে।

এ প্রসঙ্গে পেলে বলেন, ‘১৯৫৮ সালে থেকে বিশ্বব্যাপী ফুটবলের কারণে খ্যাতি পেয়েছে ব্রাজিল। কিন্তু দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ও প্রশাসনিক কর্মকর্তার কারণে আজ তা কলঙ্কিত হচ্ছে। বিশ্বব্যাপী ব্রাজিলিয়ান সমর্থক রয়েছে যারা আজ লজ্জিত। জার্মানির বিপক্ষে হারের মুহূর্তটি ছাড়া এমন পরিস্থিতিতে পড়তে হয়নি ব্রাজিলীয়দের। প্রয়োজন হলে আমরাই আবার পুরো পরিস্থিতি ঠিক করবো।’

  •  
  •  
  •  
  •  

Tags: