টেস্ট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়

নিউজ ডেস্ক:

ক্রিকেটের অভিজাত ফরমেট টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে একমাত্র টেস্টে ৫৪৬ রানে হারিয়েছে টাইগাররা। যা নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয়ও।

শনিবার (১৭ জুন) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনে অনেকটা সারার মিশন ছিল। দিনের প্রথম সেশনেই আফগানদের গুঁড়িয়ে দেয় টাইগাররা। আগের দিনে ২ উইকেটে ৪৫ রানে থাকা আফগানদের এদিন দরকার ছিল ৬১৭ রান। আর বাংলাদেশের ৮ উইকেট। তাসকিন-শরিফুলদের তাণ্ডবে শেষ পর্যন্ত ১১৫ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

এতে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয় পায় বাংলাদেশ। এর আগে ২২৬ রানের জয়ই ছিল টাইগারদের সবচেয়ে বড় জয়। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে প্রায় দেড়যুগ আগে ২০০৫ সালে এই জয় পায় বাংলাদেশ।

টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে এটি তৃতীয় বড় জয়। ১৯৩৪ সালের পর এই প্রথম কোনো দল টেস্টে ক্রিকেটে ৫০০ রানের বেশি ব্যবধানে জয় পেলো।

আন্তর্জাতিক টেস্ট ইতিহাস দেখলে রান হিসাবে এটি তৃতীয় বড় জয়। ৬৭৫ রানে জিতে প্রথম স্থানে আছে ইংল্যান্ড।

  •  
  •  
  •  
  •