ঢাকায় বিশ্বকাপজয়ী গোলকিপার মার্টিনেজ
নিউজ ডেস্ক:
ঢাকায় এসেছেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও।
সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০মিনিটে আর্জেন্টিনা থেকে ঢাকায় এসেছেন মার্টিনেজ।
জানা গেছে, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে হোটেলে যান মার্টিনেজ ও তার সফরসঙ্গীরা। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে উত্তর বাড্ডার এক বাণিজ্যিক অফিস পরিদর্শন করবেন তারা।
যদিও এ অনুষ্ঠানে গণমাধ্যমের প্রবেশাধিকার নেই। নিজেরাই প্রশ্নোত্তর অনুষ্ঠান করে মিডিয়ায় সরবরাহ করবেন আয়োজকরা।
সেখানে ঘণ্টাখানেক অবস্থান করে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যাবেন মার্টিনেজ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিমানবন্দরে যাবেন। সেখান থেকে বিকেল সাড়ে ৪টার পর কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মার্টিনেজের।
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে বিমানে সাত হাজার ৬৩৩ কিলোমিটার পারি দিয়ে ঢাকায় মার্তিনেজ মাত্র ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে এসেছেন। তবে সফর সংক্ষিপ্ত হলেও মার্তিনেজকে দেখার সুযোগ থাকছে না ক্রীড়ামোদীদের।
মার্টিনেজের মূল সফরটা ভারতেই। বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থক থাকায় নিজ আগ্রহে এখানে আসা তার। যে আগ্রহের কথা গত মে মাসে নিজের ফেসবুক পেজে এক বার্তায় জানিয়েছিলেন। আর মার্টিনেজকে কলকাতা ও ঢাকায় আনার উদ্যোগটা নেন ভারতীয় স্পোর্টস প্রমোটর কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রু দত্ত।

