মেসি জাদুতে প্রথম শিরোপা জিতল ইন্টার মায়ামি
নিউজ ডেস্ক:
লিওনেল মেসির দুর্দান্ত গোলের পর টাইব্রেকারে নাশভিলকে হারিয়ে নিজেদের প্রথম শিরোপা জিতল ইন্টার মায়ামি।
লিগস কাপের ফাইনালে বাংলাদেশ সময় রোববার সকালে নাশভিলের মাঠ জিওডিস পার্কে নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। টুর্নামেন্টে কোনো অতিরিক্ত সময় না থাকায় ৯০ মিনিট পরই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও প্রথম গোলটি করে পথ দেখান মেসি। শেষ পর্যন্ত ১০-৯ ব্যবধানে জিতে নিজেদের প্রথম শিরোপা উল্লাসে মাতে মায়ামি সমর্থকরা।
গত বছরের ডিসেম্বরে বিশ্বকাপ জিতে সপ্তম স্বর্গে আরোহণ করেছিলেন মেসি। ফুটবল থেকে নিজের আর চাওয়া-পাওয়ার কিছু নেই বলে নিজেই একাধিকবার বলেছেন। কিন্তু নিজের জন্য নয়, যুক্তরাষ্ট্রে এসেছিলেন তলানিতে থাকা ইন্টার মায়ামিকে ভালো কিছু উপহার দেবেন বলে।
সেই লক্ষ্যে প্রথম ধাপেই সফল আর্জেন্টাইন মহানায়ক। মাত্র এক মাসের ব্যবধানে ইন্টার মায়ামিকে এনে দিয়েছেন প্রথম শিরোপাটি।

