যুবরাজের বাড়িতে শিশুর মৃত্যু
ক্রিড়া প্রতিবেদক:
ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাড়িতে ঘটে গেছে এক ভয়ংকর দুর্ঘটনা। যুবরাজের পাঁচকুলার বাড়িতে মেরামত কাজ চলার ফাঁকে নতুন লাগানো প্রধান ফটকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর দিয়েছে জি নিউজ।
এতে বলা হয়, যুবরাজ সিংয়ের পাঁচকুলার বাড়িতে বেশ কিছুদিন ধরেই চলছে মেরামতের কাজ। সেখানে নতুন করে লাগানো হয়েছে প্রধান ফটক। সেখানে কাজ করা এক শ্রমিকের ৮ বছর বয়সী সন্তান ফটকে দোল খাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভারী লোহার গেটটি তার ওপর পড়ে যায়।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওই বাড়িটি যুবরাজের মা শবনমের নামে রয়েছে। দুর্ঘটনার সময় যুবরাজ ও তার মা বাড়িতে ছিলেন না। বর্তমানে তারা গুরগাঁওয়ের বাড়িতে রয়েছেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও প্রাথমিকভাবে ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসাবেই দেখছে তারা।

