আইসিসির নতুন চেয়ারম্যান শশাঙ্ক মনোহর
খেলাধুলা ডেস্ক:
এটাই হওয়ার কথা ছিলো। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পদ ছাড়ার পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নিযুক্ত হলেন শশাঙ্ক মনোহর। এ কথা না বললেই নয়, তিনি আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান।
কোনরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আগামী দুই বছরের জন্য ‘অবৈতনিক’ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শশাঙ্ক। যেমনটা নিজেই চেয়েছিলেন, আইসিসির চেয়ারম্যান হবেন নিরপেক্ষ একজন ব্যক্তি যিনি কিনা কোন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
বলেছেন, ‘আইসিসির চেয়ারম্যান হওয়া খুব সম্মানের ব্যাপার। খুব গর্বিত বোধ করছি। আইসিসির সব পরিচালকদেরকেও ধন্যবাদ । সকলেই আমার ক্ষমতার উপর আস্থা রেখেছেন। বিসিসিআইয়ের সব সহকর্মীদেরও ধন্যবাদ । সকলের সাহায্য নিয়েই আমি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির চেয়ারম্যান নিযুক্ত হলাম।’
আইসিসির এই সংশোধনী নিয়মে চেয়ারম্যান পদে বসতে হলে বিসিসিআইয়ের পদ ছাড়তেই হতো মনোহরকে। সেই কারণেই গত দুইদিন আগে পদত্যাগ করেন।
যদিও তিনি অভিযোগ করেছেন, নিজের মতো কাজ করতে দেওয়া হয়নি তাকে। তাই বিবেকের কাছে বাধাপ্রাপ্ত হয়েই বিসিসিআইয়ের পদ ছেড়েছেন।

