নেইমারের জন্য জরিমানা গুনলো বার্সা
স্পোর্টস ডেস্ক:
নেইমারের দলবদল নিয়ে গত দুই বছর ধরে কম জল ঘোলা হয়নি। শুরুতে বার্সার দাবি ছিল নেইমারের দলবদল স্বচ্ছ, এখানে কোন কর ফাঁকি দেওয়া হয়নি। কিন্তু এবার বার্সা সেই দাবি থেকে সরে এসে ৫৫ লাখ ইউরো জরিমানা দেওয়ার জন্য একটা ঐকমত্যেও পৌঁছেছে।
শুরুতে বার্সেলোনার পক্ষ থেকে নেইমারে দলবদল ফি ৫৭ মিলিয়ন ইউরো জানানো হয়েছিল। তবে পরে তদন্তে উঠে আসে নেইমারের দলবদলে বেশ কিছু অস্বচ্ছতা আছে। তবে শুরু থেকেই বার্সা অবশ্য অভিযোগটা অস্বীকার করে আসছিল। আর জরিমানা দেওয়ার পরেও জোসেপ মারিয়া বার্তোমেউ দাবি করছেন, নেইমারকে ঠিক প্রক্রিয়াতেই আনা হয়েছে, ‘আরও একবার ওকে সই করালে আমরা ঠিক এইভাবেই করতাম।’
কিন্তু তাহলে বার্সা জরিমানা দিল কেন? এ নিয়ে বার্তোমেউর বলেন, ব্যাপারটা চুকিয়ে ফেলতেই বার্সা এটা করেছে। সিদ্ধান্তটা সহজ ছিল না। কিন্তু ক্লাবের জন্য এটাই সবচেয়ে ভালো হয়েছে। আর তা না হলে আমাদের আদালতে কর ফাঁকির মামলাটা চালাতে হতো। সবদিক দিয়ে এটাই বার্সার কাছে সবচেয়ে ভালো বিকল্প ছিল।
এদিকে নেইমারের চুক্তি বাড়ানোর জন্য অনেক দিন থেকেই কথা চলছে। কিন্তু সেটা এখনো হয়নি। এমনও শোনা যাচ্ছিল, স্পেনের কর সংক্রান্ত নীতিতে বিরক্ত হয়ে নেইমার স্পেন ছাড়তে চাচ্ছেন। তবে বার্তোমেউ অবশ্য আশাবাদী, খুব শিগগির নতুন চুক্তি হয়ে যাবে, আমরা নেইমারের বাবার সঙ্গে এর মধ্যেই কথা বলেছি। আমরা ওকে বার্সাতে চাই। আশা করি এই মামলাটা সমাধান হওয়ায় ব্যাপারটা আরও গতিশীল হবে।

